সেই দুই বোনের বাবার ব্যাংক হিসাবে লেনদেন বন্ধের নির্দেশ

আপডেট : ১০ নভেম্বর ২০২০, ০৫:২৪ এএম

আদালতের নির্দেশের পর বাবার বাড়িতে ঢুকতে পারা সেই দুই বোনের প্রয়াত বাবা মোস্তফা জগলুল ওয়াহিদের সব ব্যাংক হিসাবের লেনদেন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার আদেশ দিয়েছে হাইকোর্ট। এছাড়া দুই বোন মুশফিকা মোস্তফা ও মোবাশশরা মোস্তফার নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি গুলশান-২ এর ৯৫ নম্বর সড়কের ওই বাড়িতে থাকা জিনিসপত্র কোনো পক্ষ বাইরে নিতে পারবে না বলেও নির্দেশ দিয়েছে আদালত। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ গতকাল সোমবার এ আদেশ দেয়।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। আর জগলুল ওয়াহিদের দুই মেয়ের পক্ষে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ। অন্যদিকে জগলুল ওয়াহিদের দ্বিতীয় স্ত্রী আঞ্জু কাপুরের পক্ষে শুনানি করেন আইনজীবী মাসুদ আর সোবহান।

হাইকোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে গত ৩ নভেম্বর সংগীত শিল্পী ফেরদৌস ওয়াহিদের ভাই প্রয়াত মোস্তফা জগলুল ওয়াহিদের দ্বিতীয় স্ত্রী আঞ্জু কাপুর এবং দুই মেয়ে মুশফিকা মোস্তফা ও মোবাশশারা মোস্তফাকে নিয়ে গুলশান থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) আদালতে হাজির হন। সেদিন আদালত উভয়পক্ষের আত্মীয়-স্বজনরা যাতে গুলশানের ওই বাড়িতে বিনা বাধায় যাতায়াত করতে পারেন সেটি নিশ্চিত করাসহ দুই বোনকে নিরাপত্তা দিতে নির্দেশ দেয়। একইসঙ্গে মোস্তফা জগলুল ওয়াহিদের সম্পত্তি দাবির পক্ষে দুই মেয়ে ও দ্বিতীয় স্ত্রীকে ৯ নভেম্বরের (গতকাল) মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র দাখিলের নির্দেশ দেওয়া হয়।

বাবার বাড়িতে প্রবেশে দুই বোনের বাধা পাওয়ার খবর গণমাধ্যমে প্রকাশের পর গত ২৬ অক্টোবর সন্ধ্যায় হাইকোর্টের এই বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এক আদেশে তাদের প্রবেশ নিশ্চিত করতে গুলশান থানাকে নির্দেশ দেয়। হাইকোর্টের এই আদেশের পর ওই রাতেই দুই বোনকে তাদের বাবার বাড়িতে তুলে দেয় গুলশান থানার পুলিশ। গুলশানের ওই বাড়িতে মোস্তফা জগলুল ওয়াহিদের দ্বিতীয় স্ত্রী আঞ্জু কাপুর বসবাস করেন। জগলুলের প্রথম স্ত্রীর দুই সন্তান মুশফিকা মোস্তফা ও মোবাশশারা মোস্তফা। প্রয়াত জগলুল ওয়াহিদ গুলশানের ১০ কাঠা প্লটের ওই বাড়ির মালিক ছিলেন। গত ১০ অক্টোবর মারা যান তিনি। বাবার মৃত্যুর পর দাফন শেষে দুই বোন বাবার বাড়িতে ঢুকতে না পেরে ১২ অক্টোবর গুলশান থানায় জিডি করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত