করোনা বিরতি কাটিয়ে নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলে ফেরার অপেক্ষায় বাংলাদেশ। ১৩ ও ১৭ নভেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হতে যাওয়া ম্যাচ দুটি মাঠে বসে দেখার সুযোগ পাবেন দর্শকেরা।
স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে স্টেডিয়ামের মোট ধারণক্ষমতার এক-তৃতীয়াংশ টিকিট বিক্রি করবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। মোট ৮ হাজার টিকিট বিক্রি হবে। সর্বোচ্চ ৫০০ থেকে ১০০ টাকায় দর্শকেরা মাঠে বসে জামাল ভুইয়াদের খেলা দেখতে পারবেন।
মঙ্গলবার বাফুফের জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সেখানেই টিকিট সংক্রান্ত বিষয়সহ বেশ কিছু সিদ্ধান্ত হয়েছে। এক বিবৃতিতে বাফুফে জানায়, প্রত্যেক দর্শককে ফিফা ও এএফসির গাইডলাইন অনুযায়ী স্বাস্থ্য বিধি মেনে স্টেডিয়ামে প্রবেশ করতে হবে।
দুটি ম্যাচই শুরু হবে বিকেল ৫টায়। বাংলাদেশ টেলিভিশন ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে। বাংলাদেশ বেতার খেলার ধারাবিবরণী প্রচার করবে। এ ছাড়াও একটি বেসরকারি ব্রডকাস্টার অন-লাইন ম্যাচ দুটি সরাসরি সম্প্রচার করবে।
