বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ড্রাফটের আগে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি তারকা ক্রিকেটার নাসির হোসেন। এই অলরাউন্ডার নির্দিষ্ট মানদণ্ডে পৌঁছাতে পারেননি, পেয়েছেন সর্বনিম্ন স্কোর!
আরেক অলরাউন্ডার সোহাগ গাজীও ফিটনেস টেস্টে ‘ফেল’ করেছেন। টানা দ্বিতীয় দিনের মতো বিফ টেস্টে উত্তীর্ণ হতে ব্যর্থ হন তিনি।
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের আগে জাতীয় দল, এইচপি ও অনূর্ধ্ব-১৯ দলের বাইরে থাকা ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা বাধ্যতামূলক করে বিসিবি। এ জন্য সোম ও মঙ্গলবার ১১৩ ক্রিকেটারের ফিটনেস পরীক্ষার ব্যবস্থা করেছিল বিসিবি। এদের মধ্যে ছিলেন নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা সাকিব আল হাসানও।
তবে নির্ধারিত সময়ে সাকিবের ফিটনেস পরীক্ষা হয়নি। বুধবার হতে পারে বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডারের পরীক্ষা।
বিসিবির এই পরীক্ষার মানদণ্ড ধরা হয়েছে ১১। নাসির-সোহাগ গাজী উত্তীর্ণ হতে না পারলেও আবদুর রাজ্জাক, এনামুল হক জুনিয়র, মোহাম্মদ আশরাফুলের মতো সিনিয়র ক্রিকেটাররা এতে ভালোভাবেই উতরে গেছেন।
উল্লেখ্য নাসির গত বছর জাতীয় লিগের আগেও ফিটনেস টেস্টে উত্তীর্ণ হতে ব্যর্থ হয়েছিলেন। সেবার ৯ পেলেও এবার ১১ এর মধ্যে পেয়েছেন ৮.৫।
পরীক্ষায় উত্তীর্ণ ক্রিকেটার, বিসিবির তত্ত্বাবধানে থাকা জাতীয় দল, এইচপির খেলোয়াড়, সব মিলিয়ে শতাধিক ক্রিকেটার থাকছেন বৃহস্পতিবার হতে যাওয়া ড্রাফটে।
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে অংশ নেবে মোট ৫ দল। স্পনসরের সঙ্গে মিলিয়ে দলগুলোর নাম- ফরচুন বরিশাল, বেক্সিমকো ঢাকা, মিনিস্টার গ্রুপ রাজশাহী, জেমকন খুলনা ও গাজী গ্রুপ চট্টগ্রাম।
