এবার করোনা পজিটিভ মুমিনুল

আপডেট : ১১ নভেম্বর ২০২০, ০২:৩৫ এএম

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ দরজায় কড়া নাড়ছে। দিন-তারিখ ঠিক হয়নি তবে কাল হবে প্লেয়ার্স ড্রাফট। তার আগে দেশের ক্রিকেটের অন্যতম তারকা মাহমুদউল্লাহ রিয়াদের করোনা পজিটিভ হওয়ায় পাকিস্তান সুপার লিগে খেলতে যাওয়ার আগে টেস্ট করিয়েছিলেন তিনি। ফল পজিটিভ আসায় পিএসএলে যেতে পারেননি, বঙ্গবন্ধু টি-টোয়েন্টিতে খেলতে পারবেন কি না তা নিয়েও রয়েছে শঙ্কা। এরই মধ্যে আরেকটি দুঃসংবাদ, বাংলাদেশ টেস্ট অধিনায়ক মুমিনুল হকের করোনা টেস্টেও পজিটিভ এসেছে। শুধু মুমিনুল নিজে নন, স্ত্রী ফারিহা বাশারও করোনা পজিটিভ। তাই মাহমুদউল্লাহর মতো মুমিনুলও আসন্ন টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ার ভয়ে আছেন। অবশ্য টেস্ট অধিনায়ক মনেপ্রাণে চাইছেন এই আসরে খেলতে।

কিছুদিন আগে বিসিবি প্রেসিডেন্টস কাপে খেলেছেন মুমিনুল হক। মাহমুদউল্লাহ একাদশে ছিলেন তিনি। ৪ ম্যাচে করেছেন ৫৬ রান। একই দলের দুজন করোনা পজিটিভ হলেন। মুমিনুলের করোনা আক্রান্তের খবর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবির চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী, ‘মুমিনুলের পজিটিভ এসেছে, তবে তার উপসর্গ খুবই মৃদু। এমনিতে সে সুস্থ আছে।’ মুমিনুল জানান, ‘খুব বেশি শারীরিক সমস্যা নেই। একটু জ্বর ছিল, গতকাল টেস্ট করিয়েছিলাম। আজ (মঙ্গলবার) দুপুরে ফল পেয়েছি পজিটিভ। যথেষ্ট সতর্ক থাকার চেষ্টা করেছি। তারপরও হয়ে গেল। এমনিতে ভালোই আছি। জ্বর নেই এখন। একটু মাথা ঝিমঝিম করা ছাড়া আপাতত তেমন কোনো সমস্যা নেই। যে কোনো মূল্যে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি দিয়ে মাঠে ফিরতে চাই। দেশবাসীর কাছে দোয়া চাইছি।’

জাতীয় ক্রিকেটারদের মধ্যে এর আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন মাশরাফী বিন মোর্ত্তজা, নাজমুল হোসেন অপু, সাইফ হাসান ও আবু জায়েদ চৌধুরী।

খুব শিগগিরই জানা যাবে টুর্নামেন্টের বাকি বিষয়

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ টুর্নামেন্ট নিয়ে অনেকদূর এগিয়েছেন বলে জানান বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন। ইতিমধ্যে টিম স্পন্সর চূড়ান্ত হয়েছে। পাশাপাশি ব্রডকাস্টিং রাইটস ও অন্যান্য রাইটসও প্রায় চূড়ান্ত। এরপর প্লেয়ার্স ড্রাফট করে দল গঠনের বিভিন্ন কার্যক্রমে নামবে বিসিবি।

রাজধানীর একটি হোটেলে আয়োজন করা হচ্ছে প্লেয়ার্স ড্রাফট। সিইও নিজামউদ্দিন চৌধুরী জানালেন, সরকারের স্বাস্থ্যবিধি মেনেই সংক্ষিপ্ত পরিসরে সব পরিকল্পনা করছে বিসিবি। দর্শকের ব্যাপারে নিজামউদ্দিন জানান, ‘প্ল্যানিংটা মিরপুরকে ঘিরেই করা আছে এবং সেক্ষেত্রে ফিকশ্চারে আমাদের কিছুটা অ্যাডজাস্টমেন্ট বা কিছুটা বাড়তি সময়ের প্রয়োজন হবে। এখন পর্যন্ত সরকারের যে গাইডলাইন তাতে সাধারণ দর্শকদের খেলা দেখার ব্যাপারে কিছু সীমাবদ্ধতা রয়েছে। তারপরও এ ব্যাপারে সরকারের সঙ্গে যোগাযোগ করে যা বাস্তবিক ভাবে সম্ভব ও ওই সময় যেটা পারমিট করবে সেভাবেই আমরা করব।’

নভেম্বরের শেষদিকেই টুর্নামেন্ট শুরুর পরিকল্পনা বিসিবির। সেক্ষেত্রে একটি বাধা জানুয়ারিতে উইন্ডিজের বিপক্ষে হোম সিরিজ। তবে সিইও জানিয়েছেন ‘সুনির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত করিনি। তবে ২২/২৩ নভেম্বরের মধ্যেই হবে।’ সঙ্গে যোগ করেন, ‘আমরা উইন্ডিজ ক্রিকেট বোর্ডকে একটা বায়ো-বাবল প্ল্যান পাঠিয়েছি। ওরা কিছু জানালে আমরা সিরিজ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত