বেঁচে থাকলে ছেলের কীর্তি দেখে নিশ্চয়ই খুশি হতেন আবদুল কাদির। পাকিস্তানের হয়ে মাত্র তৃতীয় ম্যাচ খেলতে নামা উসমান কাদির গতকাল ১৩ রানে ৪ উইকেট নিয়ে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশে বড় ভূমিকা রাখলেন। ম্যাচসেরা হয়েছেন এক সময় অস্ট্রেলিয়ার হয়ে টি-২০ বিশ্বকাপ খেলার ইচ্ছা প্রকাশ করা ২৭ বছরের উসমান।
রাওয়ালপিন্ডিতে সিরিজের শেষ টি-২০তে প্রথমে ব্যাট করা জিম্বাবুয়ে উসমানের ঘূর্ণিতে ৯ উইকেটে ১২৯ রানেই থেমে যায়। ২ উইকেটেই সেই রান তুলে সিরিজ জিতে নেয়
পাকিস্তান। একমাত্র অধিনায়ক চামু চিবাবা শুরুর দিকে ৩১ রান করে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে পেরেছিলেন। অন্যরা উসমান কাদিরের স্পিনের সামনে দাঁড়াতেই পারেননি। বাঁ-হাতি স্পিনার ইমাদ ওয়াসিম নেন ২ উইকেট। জবাব দিতে নেমে ফখর জামান ও আব্দুল্লাহ শফিক স্বাগতিকদের ভালো শুরু এনে দেন। যদিও ফখর ২১ রানের বেশি করতে পারেননি। আব্দুল্লাহ ৪১ রানে অপরাজিত ছিলেন। শেষে খুশদিল শাহর অপরাজিত ৩৬ রানের কল্যাণে ২৮ বল হাতে রেখে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছায় পাকিস্তান।
পাকিস্তানের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টি খেলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন সাবেক অধিনায়ক এল্টন চিগুম্বুরা। ৩৪ বছরের এই অলরাউন্ডার জিম্বাবুয়ের হয়ে ১৪ টেস্ট ও ২১৩ ওয়ানডে খেলেছেন। টেস্টে ২১ উইকেটে নেওয়ার পাশাপাশি ২১.০৭ গড়ে করেছেন ৫৬৯ রান। ওয়ানডেতে ২৫.২৩ গড়ে ৪৩৪০ রানের পাশাপাশি ১০১টা উইকেটও নিয়েছেন চিগুম্বুরা। নিজের অলরাউন্ড দক্ষতা তিনি টি-টোয়েন্টিতেও দেখিয়েছেন। জিম্বাবুয়ের হয়ে ৫৭ টি-টোয়েন্টি ম্যাচে ৮৯৩ রানের পাশাপাশি ১৬ উইকেট নিয়েছেন চিগুম্বুরা।
