কিছু দিন আগেই বিরাট কোহলিকে নিয়ে অস্ট্রেলিয়া দলকে সতর্ক করে দিয়েছিলেন স্টিভ ওয়াহ। কোহলিকে সেøজিং করতে মানা করে দিয়েছিলেন দলকে। তবে
পিতৃত্বকালীন ছুটির কারণে বোর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্টের পর ভারতে ফিরে আসবেন কোহলি। তাতে হতাশা প্রকাশ করেছেন ওয়াহ। এদিকে অনেক ভক্ত-সমর্থকও করছেন সমালোচনা।
জানুয়ারিতে সন্তান হওয়ার কথা রয়েছে কোহলিপত্নী আনুশকা শর্মার। তাই কোহলি ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে ছুটি চেয়েছিলেন অ্যাডিলেডে প্রথম টেস্টের পর থেকেই, সোমবার তা মঞ্জুরও করে বোর্ড। ওয়াহ বলেন, ‘আমি একটু হতাশ এবং অবাক যে সে (বিরাট) থাকছে না। বলতে গেলে সে ক্যারিয়ারে অনেক কিছুই অর্জন করেছে। কিন্তু এটি ছিল তার জন্য গুরুত্বপূর্ণ একটি সিরিজ। তবে অবশ্যই পরিবার সবার আগে।’ এদিকে ইনজুরি কাটিয়ে ভারতীয় দলে ঢুকেছেন রোহিত শর্মা। তাই ওয়াহ মনে করছেন কোহলি না থাকলেও ভারত শক্তিশালী দল। অস্ট্রেলিয়ার হয়ে ১৬৮ টেস্ট খেলা ওয়াহ বলেন, ‘কোহলিকে ছাড়াও তারা বিপজ্জনক প্রতিপক্ষ। আমি মনে করছি এটি খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ হবে।’
এদিকে গণমাধ্যমে কোহলির ছুটির খবর আসার পর থেকে অনেক ভক্ত সমালোচনা করছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। অনেকে উদাহরণ টানছেন সাবেক ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির। ধোনির মেয়ের জন্ম ২০১৫ সালের ৬ ফেব্রুয়ারি। তখন অস্ট্রেলিয়ায় বিশ্বকাপ খেলতে গিয়েছিল ভারতীয় দল। ধোনি কিন্তু দেশে ফেরেননি বিশ্বকাপ রেখে।
