ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট শুরু হবে স্যার ডন ব্র্যাডম্যানের স্মৃতিবিজরিত অ্যাডিলেড ওভালে। ১৭ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই ম্যাচ হবে দিবা-রাত্রির। দু’দল নিজেদের বিপক্ষে এই প্রথম কৃত্রিম আলোয় টেস্ট খেলতে যাচ্ছে। বিশেষ উপলক্ষকে সামনে রেখে স্টেডিয়ামে দর্শক উপস্থিতি নিশ্চিত করবে অস্ট্রেলিয়া ক্রিকেট। টেস্টের প্রতিদিন গ্যালারিতে ২৭ হাজার দর্শক থাকবে বলে জানানো হয়, যা পুরো গ্যালারির ধারণক্ষমতার অর্ধেক।
দু’দলের মধ্যে প্রথম দিবা-রাত্রির টেস্ট হলেও কোনো দলই এমন ম্যাচে হারের স্বাদ নেয়নি। এক্ষেত্রে অস্ট্রেলিয়ার সাফল্য বেশি। অ্যাডিলেড ওভালে আগে চারটি দিবা-রাত্রির টেস্ট খেলেছে তারা। নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে সব ম্যাচই জিতেছে অস্ট্রেলিয়া।
এদিকে ভারত মাত্র একটি দিবা-রাত্রির টেস্ট খেলেছে। কলকাতায় বাংলাদেশের বিপক্ষে সেই ম্যাচ জিতেছে তারা। অ্যাডিলেডের প্রথম টেস্ট শেষে ভারতে ফিরে যাবেন বিরাট কোহলি, সন্তান সম্ভবা স্ত্রী বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার পাশে থাকবেন বলে। ইন্টারনেট।
