লিওনেল মেসির বার্সেলোনা ছাড়ার খবরে নড়েচড়ে বসেছিল পিএসজি। কিন্তু ম্যানচেস্টার সিটি অনেক এগিয়ে থাকায় এবং ওই ক্লাবের প্রতি মেসির ইচ্ছা থাকায় এগোতে পারেনি তারা। কিন্তু বিশ্ব ফুটবলের অপর সেরাকে কিনতে সবার আগে ঘোষণা দিয়ে দিল ফরাসি জায়ান্টরা। পিএসজি জানিয়েছে, জুভেন্তাস ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়লেই তারা পর্তুগিজ তারকাকে দলে টানবে। এমনটা নিশ্চিত করেছেন পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো।
আসল ব্যাপারটি হলো, রোনালদোর বার্ষিক ২৮ মিলিয়ন ইউরোর পারিশ্রমিক দিতে হিমশিম খাচ্ছে জুভেন্তাস। করোনা পরিস্থিতিতে আরও কঠিন হয়ে পড়েছে রোনালদোর মোটা অঙ্কের বেতন চুকানো। তাই কিছু সংবাদ মাধ্যম প্রকাশ করেছে যে জুভেন্তাস খরচ কমাতে রোনালদোকে বিক্রি করতে চায়। সেই সংবাদের জবাবেই এমনটা বলেছেন লিওনার্দো। পিএসজি টিভিকে এক সাক্ষাৎকারে বলেন, ‘যে কোনো কিছু হতে পারে। বর্তমান সময়ে আমরা ফুটবলে অনেক কিছু দেখছি। হতে পারে কাল রোনালদো বলবে আমি অন্য কোথাও খেলতে চাই। তাকে কে কিনতে পারে? এখানে বৃত্তটা বেশি বড় নয়। এত দামি একজনকে কিনতে এই বৃত্তে পিএসজি অবশ্যই প্রবেশ করবে। আমাদের কিছু বিষয় আছে, কিছু লিস্ট আছে, সেখানে অবশ্যই রোনালদো আছেন।’
