যুক্তরাষ্ট্রের হাসপাতালে করোনা রোগী বেড়েছে ৭৩ শতাংশ

আপডেট : ১১ নভেম্বর ২০২০, ০৪:২৬ এএম

সংক্রমণের নতুন ঢেউয়ে বিশ্বজুড়ে চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যা বাড়ছে হু হু করে। বর্তমানে অন্তত ১ কোটি ৩৯ লাখ ৫০ হাজারের বেশি কভিড-১৯ রোগী বাড়িতে বা হাসপতালে চিকিৎসাধীন রয়েছেন। অনেক দেশের হাসপাতালে রোগীদের জায়গা দিতেই হিমশিম খেতে হচ্ছে। এই অবস্থার শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। 

যুক্তরাষ্ট্রের হাসপাতালগুলোতে কভিড-১৯ রোগে চিকিৎসাধীনের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সোমবার দেশটির বিভিন্ন রাজ্যের হাসপাতালগুলোতে প্রায় ৫৯ হাজার রোগী চিকিৎসাধীন ছিলেন বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

সংবাদমাধ্যমটির হিসাবে যুক্তরাষ্ট্রে গত ৩০ দিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা প্রায় ৭৩ শতাংশ বেড়ে এখন ৫৮ হাজার ৯৮২ জনে দাঁড়িয়েছে।

দেশটিতে এর আগে কখনই এত কভিড-১৯ রোগী একই সময়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন না। সর্বশেষ গত ২২ জুলাই ৫৮ হাজার ৩৭০ জন কভিড-১৯ রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন।

আগের পাঁচ দিনের মতো সোমবারও যুক্তরাষ্ট্রে ১ লাখের বেশি নতুন কভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন বলে জানিয়েছে রয়টার্স।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের টালি অনুযায়ী, মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর ২টা পর্যন্ত বিশ্বে যে ৫ কোটি ৯ লাখ কভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন তার প্রায় ২০ শতাংশই যুক্তরাষ্ট্রে। দেশটিতে করোনাভাইরাস এরই মধ্যে ২ লাখ ৩৮ হাজারের বেশি মানুষের প্রাণও কেড়ে নিয়েছে।

এদিকে সংক্রমণ বাড়ায় প্রথম রাষ্ট্র হিসেবে ১ কোটি করোনা রোগীর দেশ হলো যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ২ লাখ ৮৮ হাজার ৪৮০ জনের দেহে করোনার অস্তিত্ব পাওয়া গেছে।

বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণ শুরুর পর থেকে গেল সপ্তাহে সবচেয়ে করুণ অবস্থা বিরাজ করছে। এ অবস্থা আরও বেশ কিছুদিন চলবে। সবাইকে এখন সতর্কতার সঙ্গে চলাচল করতে হবে। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়াই শ্রেয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত