চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বুধবার সকালে হাসপাতাল ত্যাগ করেছেন। তিনি এখন পুরোপুরি সুস্থ আছেন।
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এক প্রতিবেদনে খবরটি নিশ্চিত করেছে।
পার্ক ভিউ হাসপাতালের জেনারেল ম্যানেজার ডা. তালুকদার জিয়াউর রহমান শরীফ বলেন, “আজ সকাল ১১টার দিকে সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন আমাদের হাসপাতাল ছেড়ে গেছেন। তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন। বাসায় গিয়ে কয়েক দিন বিশ্রামে থাকবেন। এর পর স্বাভাবিক জীবনযাত্রা শুরু করা যাবে।”
আরও জানান, আট দিন জ্বর নিয়ে গত ৩ নভেম্বর সকালে হাসপাতালে ভর্তি হন নাছির। সিটি স্ক্যান করা হলে ফুসফুস ১০ শতাংশ আক্রান্ত হওয়ার বিষয়টি ধরা পড়ে। সেদিন রাতেই করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। প্রথম ২-৩ দিন হালকা জ্বর ছিল। তবে হাসপাতালে নয় দিন ভর্তি থাকা অবস্থায় তার মধ্যে করোনার অন্য কোনো উপসর্গ দেখা যায়নি।
ডা. শরীফ বলেন, মঙ্গলবার রাতে বিশেষজ্ঞ চিকিৎসকেরা বিভিন্ন রিপোর্ট পরীক্ষা-নিরীক্ষা করে রিলিজ করতে সম্মতি দিয়েছেন। তাদের পরামর্শেই সাবেক মেয়র নাছির হাসপাতাল ছেড়ে বাসায় গেলেন।
