ঢালিউডের নতুন ছয় নায়ক

আপডেট : ১১ নভেম্বর ২০২০, ১০:৪২ পিএম

চলচ্চিত্র ইন্ডাস্ট্রির অবস্থা খুব একটা ভালো নয়। তারপরও কিছু তরুণ অভিনেতা ভালোবেসে পা রেখেছেন সিনেমার দুনিয়ায়। তাদের পদচারণা হয়তো বদলে দেবে চলচ্চিত্র জগৎ। ছয় নবাগতকে নিয়ে লিখেছেন মাসিদ রণ

আবু হুরায়রা তানভীর

২০১৭ সালে বদরুল আনাম সৌদের ‘গহীন বালুচর’ সিনেমা দিয়ে শোবিজে যাত্রা শুরু আবু হুরায়রা তানভীরের। শুরু থেকেই তিনি সিনেমাতেই নিজের ভবিষ্যৎ গড়তে চেয়েছেন। তাই সেভাবে নাটকে ব্যস্ত হতে দেখা যায়নি। ২০২০ সাল তার শুরু হয়েছে সিনেমা দিয়ে, শেষও হবে সিনেমা দিয়েই। তানভীর বলেন, ‘আমার শুরুটা চলচ্চিত্র দিয়ে। তাই চলচ্চিত্রকেই আমার জায়গা বলে মনে করি। কিন্তু শুরুর দিকে ভেবেছিলাম শতভাগ মনের মতো কাজ ছাড়া করব না। পরে ভেবে দেখলাম আমরা যদি কেউই নিয়মিত কাজ না করি তাহলে আমাদের সিনেমাশিল্প আরও পিছিয়ে যাবে। এজন্য এ বছর থেকে ৫টি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছি। এরমধ্যে ‘রাত জাগা ফুল’ ও ‘অ্যাডভেঞ্জার অব সুন্দরবন’ সিনেমা দুটির কাজ পুরো শেষ। সম্প্রতি রশিদ পলাশের ‘প্রীতিলতা’ সিনেমার প্রথম সিডিউলের কাজ শেষ করলাম। আমার নায়িকা পরীমনি। সামনে শুরু করব ‘আকবর’ ও ‘স্টেশন’ সিনেমা দুটি। আমি সব ধরনের সিনেমা করতে চাই। এমনকি সবগুলো সিনেমাতে আমাকে শুধু নায়ক হিসেবেই দেখা যাবে সেটা চাই না। এই সিনেমাগুলোতেও নানা ধরনের চরিত্রে আমাকে দেখা যাবে।

ইয়াশ রোহান

ইয়াশ রোহানের শুরুটাও গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’ চলচ্চিত্রের মাধ্যমে। এরপর তাকে নুসরাত ইমরোজ তিশার সঙ্গে ‘মায়াবতী’ সিনেমায় দেখা গেছে। ‘ইতি তোমারই ঢাকা’তে অভিনয় করেছেন স্পর্শিয়ার বিপরীতে। এখন তার হাতে আছে দুটি সিনেমা। রায়হান রাফির ‘পরাণ’-এর কাজ শেষ। এ সিনেমায় তার সহশিল্পী বিদ্যা সিনহা মিম। শ্যুটিং বাকি আছে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ খ্যাত ঐশীর সঙ্গে ‘আদম’ সিনেমার। ইয়াশ রোহান বলেন, ‘আমি অবশ্য নির্দিষ্ট মাধ্যমে নিজেকে আটকে রাখতে চাই না। তাই সিনেমার পাশাপাশি ভালো গল্পের ওয়েব সিরিজ, শর্টফিল্ম ও নাটকেও কাজ করছি। তবে পূর্ণদৈর্ঘ্য সিনেমার প্রতি প্রতিটি আর্টিস্টের আলাদা যত্ন ও ভালোবাসা থাকে। সিনেমার অবস্থা সামনে খুব ভালো হবে বলেই আমার বিশ্বাস।’

মনোজ প্রামাণিক

টেলিভিশন নাটকের মাধ্যমেই জনপ্রিয়তা পেয়েছেন মনোজ প্রামাণিক। তবে এখন নাটকের পাশাপাশি সিনেমাতেও তিনি কাজ করছেন। মোস্তফা সরয়ার ফারুকীর ‘শনিবার বিকেল’-এর কাজ শেষ করেছেন অনেক আগে। সম্প্রতি শেষ করলেন দীপংকর দীপনের ‘অপারেশন সুন্দরবন’-এর কাজ। চলছে নুসরাত ইমরোজ তিশার সঙ্গে ‘ভালোবাসা প্রীতিলতা’র কাজ। মনোজ বলেন, ‘এখন নানা ধরনের সিনেমা হচ্ছে। এই সিনেমাগুলোর মাধ্যমেই হয়তো ইন্ডাস্ট্রির পরিবর্তন আসবে। আমি চাই, দর্শক রুচিশীল সিনেমা প্রেক্ষাগৃহে গিয়ে দেখার অভ্যাস তৈরি করুক। তাহলে আমরাও উৎসাহ নিয়ে কাজ করতে পারব।’

এ কে আজাদ আদর

একটি রিয়েলিটি শো চ্যাম্পিয়ন হয়ে শোবিজে আসেন গুড লুকিং অভিনেতা একে আজাদ আদর। শুরুর দিকে টেলিভিশনের কাজে ব্যস্ত থাকলেও এখন তার মনোযোগ শুধুই সিনেমা। তিনি মূলত বাণিজ্যিক ধাঁচের সিনেমাতেই বেশি কাজ করছেন। আজাদ বলেন, “গত মাসেই ‘চিৎকার’ সিনেমাটির পুরো কাজ শেষ করলাম। এখন ডাবিং আর দুটি গানের দৃশ্যায়ন বাকি। সিনেমাটি মূলত থ্রিলার ধাঁচের। সঙ্গে ভিন্ন ধরনের একটি  রোমান্টিক স্টোরি আছে। এ     তে আমার নায়িকা আঁচল। আমাদের দুজনেরই শারীরিক প্রতিবন্ধকতা রয়েছে। ওটিটি ও সিনেমা হল দুই মাধ্যমেই নতুন বছরের শুরুর দিকে মুক্তি পাওয়ার কথা ‘চিৎকার’-এর। আর গত ২২ অক্টোবর থেকে নতুন সিনেমা ‘পোড়া অন্তর’-এর কাজ শুরু করেছি। সিনেমাটি পরিচালনা করছেন বজলুর রাশেদ চৌধুরী। এতে আমি একজন আইপিএস অফিসার। প্রচুর মারপিটের দৃশ্য রয়েছে সিনেমাটিতে।’

অবাক রায়হান রিয়াদ

অবাকও রিয়েলিটি শো দিয়ে বিনোদন অঙ্গনে পরিচিতি পান। ৬ বছরের পথচলায় ৫০টির মতো নাটকে অভিনয় করেছেন তিনি। সম্ভাবনাময় এই অভিনেতা এবার বিনোদনের সবচেয়ে বড় মাধ্যম সিনেমায় নাম লিখিয়েছেন। প্রথম সিনেমাতেই পরিচালক হিসেবে পেয়েছেন কবরীর মতো গুণী মানুষকে। নাট্যপরিচালক আকাশ রঞ্জনের মাধ্যমে তার খোঁজ পান কবরী। এখন ‘এই তুমি সেই তুমি’ নামের সিনেমাটির শ্যুটিং নিয়েই ব্যস্ত তিনি। তার বিপরীতে অভিনয় করছেন আরেক নতুন মুখ নিশাত নাওয়ার সালওয়াকে। রিয়াদ জানান, করোনার প্রকোপ শুরুর কয়েক দিন আগে সিনেমাটির শ্যুটিং শুরু হয়েছিল। লকডাউনের জন্য ছয় মাস পর আবারও শ্যুটিং শুরু হয়েছে সিনেমার।’ তিনি আরও বলেন, ‘২০০৬ সাল থেকে মঞ্চে কাজ করার মাধ্যমে অভিনেতা হিসেবে নিজেকে তৈরি করেছি।’

শান্ত খান

শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খানের ছেলে শান্ত খান সিনেমায় নাম লেখান কলকাতার অভিনেত্রী শ্রাবন্তীর সঙ্গে ‘বিদ্রোহী’ সিনেমার মাধ্যমে। এখন তিনি জুটি হয়ে একাধিক সিনেমায় চুক্তি করেছেন জনপ্রিয় তারকা দিঘীর সঙ্গে। প্রথমেই অংশ নেন বঙ্গবন্ধুকে নিয়ে তৈরি ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ সিনেমায়। এরপর শাপলা মিডিয়ার ব্যানারেই কাজী হায়াত, মালেক আফসারীসহ একাধিক বাণিজ্যিক ঘরানার নির্মাতার সিনেমায় দেখা যাবে এই জুটিকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত