পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ভাটি-বাংলার পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে উন্নয়নের মূল ধারায় আনতে সরকার কাজ করছে। সুনামগঞ্জে হতে যাওয়া বিশ্ববিদ্যালয়ে হাওর এলাকার পিছিয়ে থাকা ছেলেমেয়েরা লেখাপড়া করতে পারবে। আমরা সুনামগঞ্জে কৃষি কলেজ স্থাপনের জন্য আবেদন রাখব। সুনামগঞ্জের মাছ ও প্রাকৃতিক সম্পদ রক্ষা করতে হাওর উন্নয়ন বোর্ডের মাধ্যমে প্রকল্প গ্রহণ করব। প্রধানমন্ত্রীর উদ্দেশ্য একটাই, পিছিয়ে থাকা জনগণের কল্যাণের জন্য কাজ করা। গরিব মানুষ, সাধারণ মানুষ যারা গ্রামে বাস করে, তাদের কল্যাণের জন্য কাজ করা।’
গতকাল বুধবার দক্ষিণ সুনামগঞ্জে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় স্থাপনের উদ্যোগ গ্রহণ করায় আনন্দ মিছিল ও ছাত্র-জনতা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দুপুরে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার এম এ মান্নান চত্বরে আয়োজিত সমাবেশে ভিডিও কলের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য দেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। মন্ত্রী বলেন, ভাটি এলাকার উন্নয়নের জন্য বর্তমান সরকারের অনেক পরিকল্পনা রয়েছে। সুনামগঞ্জের দুর্গম হাওর এলাকায় উড়ালসড়ক নির্মাণ করা হবে।
