মাশরাফীকে সুযোগ দিতে বিশেষ ব্যবস্থা

আপডেট : ১১ নভেম্বর ২০২০, ১১:১১ পিএম

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে মাশরাফী বিন মোর্ত্তজা খেলতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। কিছু সমস্যায় থাকা বাংলাদেশের সাবেক অধিনায়ককে টুর্নামেন্টে খেলার সুযোগ করে দিতে বিশেষ ব্যবস্থার কথাও জানিয়েছেন মিনহাজুল।

বাচ্চাদের করোনা ও নিজের হ্যামস্ট্রিং ইনজুরির কারণে ফিটনেস টেস্ট, বঙ্গবন্ধু কাপের ড্রাফট ও পারিশ্রমিক ক্যাটাগরিতে মাশরাফী নেই। তার ব্যাপারে গতকাল মিনহাজুল জানালেন, ‘মাশরাফীর ব্যাপারে একটা উদ্বেগ আছে। আমি আশা করছি ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে তাকে পাওয়া যাবে। তখন যে কোনো দল চাইলে ওকে দেওয়া যাবে।’

৩ দলের বিসিবি প্রেসিডেন্টস কাপ ওয়ানডে টুর্নামেন্ট মিস করলেও মাশরাফী এই ৫ দলের আসরে খেলতে আগ্রহী ছিলেন। অক্টোবরের মাঝামাঝিতে ট্রেনিং শুরু করেন। শুরুর দিকে চোটে পড়েন। এরপর সন্তানরা করোনা আক্রান্ত হয়।

মাশরাফীকে কীভাবে দল পাইয়ে দেওয়া যায় সে বিষয় না, তিনি কীভাবে খেলতে পারেন এই টুর্নামেন্টে তার স্পষ্ট একটা রূপরেখা গতকাল মিনহাজুল জানিয়ে দিলেন, ‘আমি আশা করছি ও খুব তাড়াতাড়ি খেলার মধ্যে ফিরে আসবে। আমরা একটা মেমো করে দিচ্ছি যাতে করে দুটি দল যদি তাকে চায় তাহলে তাকে লক-ইন করে দেওয়া হবে। আর যদি একটা দল চায় তাহলে সে সরাসরি সেই দলে খেলতে পারবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত