সৃজনশীলতার জন্য ৫ অভ্যাস

আপডেট : ১১ নভেম্বর ২০২০, ১১:১৩ পিএম

সৃজনশীলতাই মানুষকে পূর্ণাঙ্গ ব্যক্তিতে পরিণত করে। তাই আলোকিত ভবিষ্যৎ গড়তে চাইলে নিজেকে সৃজনশীল ব্যক্তি হিসেবে গড়ে তুলতে হবে। চিন্তাকে করতে হবে শাণিত। এ ক্ষেত্রে কিছু পরীক্ষিত অভ্যাস দারুণ ফলদায়ক। লিখেছেন ইজাজুল হক

পত্রিকা পড় : সৃজনশীলতা বাড়াতে জীবন-জগতের সঙ্গে পরিচিত হওয়ার বিকল্প নেই। তাই প্রতিদিন ভোরে পত্রিকা পড়ার অভ্যাস গড়ো। এটি তোমার চারপাশের সার্বিক পরিস্থিতি তোমার সামনে তুলে ধরবে। ফলে তোমার চলাফেরায় আত্মবিশ্বাস ভর করবে। চিন্তায় আসবে সৃজনশীলতা।

বই পড় : পাঠ্যবইয়ের বাইরেও জ্ঞানের বিশাল জগৎ আছে। সেই জগতটিই আসল জ্ঞানের সাম্রাজ্য। পাঠ্যবই সেই সাম্রাজ্যে পৌঁছানোর সিঁড়ি মাত্র। তাই বইয়ের জগতের সঙ্গে পরিচিত হও। তোমার পছন্দের বিষয়ে গল্প-উপন্যাস কিংবা প্রবন্ধ-নিবন্ধ পড়া অব্যাহত রাখো। প্রতিদিন যেকোনো বইয়ের কয়েক পৃষ্ঠা হলেও পড়ো। চিন্তার পরিধি আকাশের মতো বিশাল হবে।

শিক্ষামূলক ভিডিও দেখ : আজকাল ইউটিউব ও বিভিন্ন শিক্ষামূলক সাইটে অনেক উপকারী ভিডিও পাওয়া যায়। পাওয়া যায় সবকিছুর টিউটোরিয়াল ভিডিও। বৈচিত্র্যময় বিষয়বস্তুর দারুণ সব ডকুমেন্টারিও মিলবে এখানে সেখানে। সেসব দেখার অভ্যাস গড়ো। বিনোদিত হওয়ার পাশাপাশি তোমার জ্ঞান, বুদ্ধি ও সৃষ্টিশীলতার ঝুলিও সমৃদ্ধ হবে।

অন্যকে শেখাও : যা শিখছো, তা অন্যকে শেখানোর সুযোগ গ্রহণ করো। ছোট ভাইবোন থাকলে তাদের পড়াও। দেখবে তোমার সামনে উন্মুক্ত হচ্ছে অনেক অজানা অধ্যায়। হরেক রকম প্রশ্নের উদ্রেক হচ্ছে। কিংবা বন্ধুদের সঙ্গে আলোচনা করো। বিতর্ক করো। তাহলে বিষয়গুলো তুমি অনেক বেশি পাকাপোক্তভাবে বুঝতে শুরু করবে।

নোট কর : নোট করার অভ্যাস তোমার সৃজনশীলতা বাড়াতে দারুণ সহায়ক হবে। তোমার মনে যত প্রশ্ন সবই টুকে নাও ডায়েরিতে। এবার প্রতিটি প্রশ্নের উত্তর খুঁজতে থাকো। শিক্ষকের কাছে জেনে নাও কিংবা ইন্টারনেট ঘেঁটে সে বিষয়ে ভালোভাবে পড়াশোনা করে নাও। তোমার জ্ঞানের ভুবন আলোকিত হওয়ার পাশাপাশি তোমার চিন্তা শাণিত হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত