কুমিল্লায় জিল্লুর রহমান চৌধুরী ওরফে জিলানী নামে এক আওয়ামী লীগ নেতাকে প্রকাশ্যে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার সকাল সাড়ে ৭টার দিকে কুমিল্লা নগরীর চৌয়ারা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জিল্লুর রহমান কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ২৫ নম্বর ওয়ার্ডের সাবেক সহসভাপতি এবং গত সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর প্রার্থী ছিলেন। তিনি কুমিল্লা সিটি করপোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডের চৌয়ারা চৌধুরী বাড়ির মুখলেছুর রহমান মাস্টারের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে জিল্লুর তার মেয়েকে প্রাইভেট পড়াতে শিক্ষকের কাছে নিয়ে যাচ্ছিলেন। পথে একদল দুর্বৃত্ত গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে তার হাত ও পায়ে কুপিয়ে জখমের পাশাপাশি গুলি করে। এ সময় আশপাশের লোকজন গিয়ে তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত জিল্লুর রহমান ২০১৭ সালের ৩০ মার্চ কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ২৫ নম্বর ওয়ার্ড থেকে নির্বাচন করেন। আগামী নির্বাচনেও তিনি সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী ছিলেন। রাজনৈতিক প্রতিপক্ষ তাকে হত্যা করেছে বলে এলাকার অনেকে ধারণা করছেন।
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার পরিদর্শক (তদন্ত) কমল কান্তি ধর বলেন, ‘আওয়ামী লীগ নেতা জিল্লুর রহমান চৌধুরীকে কুপিয়ে হত্যার বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে।’
