ট্রাম্পের পরাজয় স্বীকার না করা বিব্রতকর : বাইডেন

আপডেট : ১২ নভেম্বর ২০২০, ০২:০৮ এএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনের কাছে হেরে গেছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু কোনোভাবেই পরাজয় স্বীকার করছেন না তিনি। ট্রাম্পের এমন আচরণের বিষয়ে জো বাইডেন বলেছেন, নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প পরাজয় মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছেন। এটি একটি বিব্রতকর বিষয়।

আগামী ২০ জানুয়ারিতে ক্ষমতা নেওয়ার আগে ইতিমধ্যেই বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে যোগাযোগ করতে শুরু করেছেন জো বাইডেন। তিনি জোর দিয়ে বলেছেন, কোনো কিছুই ক্ষমতা হস্তান্তর বন্ধ করতে পারবে না।

এদিকে ট্রাম্প এক টুইট বার্তায় বলেছেন, নির্বাচনে তিনি পরাজিত হয়েছেন বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। সেখানে আসলে তিনিই বিজয়ী হতে চলেছেন। প্রতি চার বছর পরপর যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট নির্বাচন হয়, ভোট গণনার ভিত্তিতে সেখানে বিজয়ী প্রার্থী সম্পর্কে পূর্বাভাস দিয়ে থাকে গণমাধ্যম। এবারও তার ব্যতিক্রম হয়নি।

এখনো অঙ্গরাজ্যগুলোর ভোটের ফলাফলের আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। অনেক রাজ্যে এখনো ভোট গণনা চলছে। আগামী ১৪ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের ইলেকটোরাল কলেজের সদস্যরা বৈঠকে বসবেন। সে সময় চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে। গত মঙ্গলবার দেলাওয়্যারের উইলমিংটনে জো বাইডেনের কাছে একজন সাংবাদিক জানতে চান, ডোনাল্ড ট্রাম্প যে নির্বাচনে পরাজয় মানতে অস্বীকৃতি জানিয়েছেন, সে ব্যাপারে তিনি কী মনে করেন? তখন বাইডেন বলেন, ‘সত্যি কথা বলতে, আমি মনে করি এটা একটা বিব্রতকর ব্যাপার। একমাত্র বিষয় হলো, যদি কৌশলের সঙ্গে বলতে হয়, আমার মতে এটা প্রেসিডেন্টের উত্তরাধিকারের ক্ষেত্রে কোনো সাহায্য করবে না।’ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানের ইঙ্গিত দিয়ে তিনি বলেন, শেষ পর্যন্ত আপনারা সবাই জানেন, জানুয়ারির ২০ তারিখেই পরিপূর্ণতা দেখা যাবে।

জো বাইডেন এবং কমলা হ্যারিস দায়িত্ব গ্রহণের জন্য প্রস্তুতি নিচ্ছেন। তবে হস্তান্তর আয়োজন যে ফেডারেল প্রতিষ্ঠানের দায়িত্বে সেই প্রতিষ্ঠানের প্রধান হিসেবে রয়েছেন ডোনাল্ড ট্রাম্পের মনোনীত একজন কর্মকর্তা। তিনি হস্তান্তরের কার্যক্রম বন্ধ করে রেখেছেন। নতুন প্রশাসনের জন্য তহবিল বরাদ্দ ও সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে প্রবেশাধিকারের বিষয়টি নিয়ন্ত্রণ করে জেনারেল সার্ভিস অ্যাডমিনিস্ট্রেশন। এখনো এই প্রতিষ্ঠানটি বাইডেনকে প্রেসিডেন্ট-ইলেক্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি।

ডোনাল্ড ট্রাম্পের অনুগত হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও একটি সংবাদ সম্মেলনে বলেছেন, যখন প্রতিটি বৈধ গণনা করা হবে, তখন ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় দফার মেয়াদ শুরু হবে। জো বাইডেনের বিজয়ী হওয়ার পূর্বাভাস স্বীকার করা থেকে নিজেদের সরিয়ে রেখেছেন ট্রাম্পের দল রিপাবলিকান পার্টিও।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত