রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় ঘুম থেকে ডেকে নিয়ে পাহাড়ের আঞ্চলিক সংগঠন জনসংহতি সমিতির (জেএসএস) দুই কর্মীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। গতকাল বুধবার ভোরে উপজেলার ওয়া¹া ইউনিয়নের গর্জনিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন গর্জনিয়াপাড়ার রণজিত কারবারির ছেলে ধনঞ্জয় তঞ্চঙ্গ্যা (৩২) ও রাজস্থলী উপজেলার ছাখ্যং গ্রামের মৃত কালাচান তঞ্চঙ্গ্যার ছেলে সুভাষ তঞ্চঙ্গ্যা (৪৫)।
কাপ্তাই থানার ওসি মো. নাসির উদ্দিন জানান, বুধবার রাত ৩টার দিকে অজ্ঞাতপরিচয় একদল সশস্ত্র সন্ত্রাসী ধনঞ্জয় তঞ্চঙ্গ্যার বাড়িতে এসে তাকে ও সুভাষকে ঘুম থেকে ডেকে তুলে গুলি করে চলে যায়। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। সুভাষ সপরিবারে ওয়া¹া ইউনিয়নের কাঁঠালতলী এলাকায় বসবাস করতেন। ঘটনার সময় তিনি ধনঞ্জয়ের বাসায় ছিলেন।
স্থানীয়দের বরাতে ওসি আরও জানান, নিহতরা জনসংহতি সমিতির কর্মী ছিলেন। হামলাকারীরাও অন্য কোনো আঞ্চলিক সংগঠনের কর্মী হবে বলে মনে করছেন তারা।
তবে পাহাড়ের আঞ্চলিক দলগুলোর সঙ্গে যোগাযোগ করে এ তথ্য যাচাই করা সম্ভব হয়নি। নিহতরা জনসংহতি সমিতির কোন গ্রুপের কর্মী ছিলেন এবং হামলাকারীরা কোন গ্রুপের তাও নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশের কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জুনায়েদ কাউসার জানান, সুভাষের শরীরে দুটি এবং ধনঞ্জয়ের শরীরে পাঁচটি গুলির ক্ষত পাওয়া গেছে। লাশ উদ্ধার করে রাঙ্গামাটি সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
