প্রীতি ম্যাচে চেক রিপাবলিককে ১-০ গোলে হারিয়েছে জার্মানি। লাইপজিগের রেড বুল অ্যারেনায় বুধবার রাতে ম্যাচের একমাত্র গোলটি করেন লুকা ওয়াল্ডশ্মিট।
জার্মানি এদিন প্রায় পুরোটা সময় ছন্দ খুঁজে ফিরেছে। ম্যাচের ১৩তম মিনিটে এগিয়ে যায় তারা।
ডি-বক্সের বাইরে থেকে ফ্লোরিয়ানের নেওয়া জোরালো শট গোলরক্ষক ঝাঁপিয়ে ঠেকানোর পর বল পেয়ে গোলমুখে ক্রস বাড়ান ফিলিপ মাক্স। ছুটে গিয়ে বাঁ পায়ের প্লেসিং শটে গোলটি করেন বেনফিকার ফরোয়ার্ড ওয়াল্ডশ্মিট।
বিরতির আগের তিন মিনিটে ব্যবধান দ্বিগুণ করার ভালো দুটি সুযোগ তৈরি করেছিল জার্মানি। কিন্তু চেক গোলরক্ষক ইয়েরি পাভলেঙ্কাকে পরাস্ত করতে পারেননি দুই মিডফিল্ডার ফ্লোরিয়ান ও নাদিম আমিরি।
জার্মানি এদিন ৫৯ শতাংশ সময় নিজেদের পায়ে বল রাখে। চেক রিপাবলিক ৪১ শতাংশ। গোলমুখে শট নেয়ার দিক থেকে দুই দল প্রায় সমানে-সমান। জার্মানি ১৬টি, রিপাবলিক ১৫টি।
নেশন্স লিগে আগামী শনিবার জার্মানি ঘরের মাঠে খেলবে ইউক্রেনের বিপক্ষে। পরদিন চেক রিপাবলিক নিজেদের মাঠে খেলবে ইসরায়েলের বিপক্ষে।
