কম ভোট পড়ার অস্বস্তি কাটিয়ে উঠবে আ.লীগ: হাবিব

আপডেট : ১২ নভেম্বর ২০২০, ১১:১৭ এএম

ঢাকা-১৮ আসনের উপনির্বাচনের ভোটের মাধ্যমে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ‘কম ভোট’ পড়ার অস্বস্তি কাটিয়ে উঠতে পারবে বলে আশা প্রকাশ করেছেন দলটির প্রার্থী মোহাম্মাদ হাবিব হাসান।

রাজধানীর উত্তরার ৫নং সেক্টরে আইএসএস স্কুলে ভোট প্রদান করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সময়ের ব্যবধানে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোট বাড়বে বলেও মন্তব্য করেন তিনি।

ভোট দিয়ে বেরিয়ে হাবিব বলেন, বিশ্ব শান্তির অগ্রদূত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানাই।  ঢাকা -১৮ আসনের জনগণকেও কৃতজ্ঞতা জানাই। আমি শ্রদ্ধা জানাই আমার নেতা সাহারা খাতুনকে।  শ্রদ্ধা জানাই জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে।'

নিজেকে তৃণমূলের নগণ্য কর্মী হিসেবে আখ্যায়িত করে তাকে মনোনয়ন প্রদান করায় তিনি শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।

নিজের জীবনের জন্য আজকের দিন অত্যন্ত আনন্দদায়ক বলে জানান আওয়ামী লীগের এই প্রার্থী।

মোহাম্মাদ হাবিব হাসান বলেন, আমি বিভিন্ন কেন্দ্রে ঘুরেছি। ভোটাররা ভোট দিচ্ছে। জনগণ তাদের ভোট দিতে আসছে। আমি জয়ের ব্যাপারে আশাবাদী। জনগণের ভোটে আমি নির্বাচিত হব। তাদের ভোটেই আমি নির্বাচিত হব।’

বিএনপি প্রার্থী এসএম জাহাঙ্গীর হোসেনের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, আমার জানামতে ঢাকা- ১৮ আসনের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

তিনি আরও বলেন, এ রকম অভিযোগ তারা বারবারই দেয়। এগুলো বানোয়াট অভিযোগ।

ঢাকা- ১৮ আসনে আওয়ামী লীগের বহিরাগতদের কোনো প্রয়োজন নেই।

বিএনপিই বহিরাগতদের ব্যবহার করছে অভিযোগ করে তিনি বলেন, বিএনপি যখনই নির্বাচন করে তখনই তারা এই কথা বলে আসছে। অতীতে তারা যা বলেছে তাই তারা বলছে। জনগণ আমাদের সঙ্গে আছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত