বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী বলেছেন, বিশ^মানের সব সুযোগ-সুবিধা নিয়ে ফেনীর সোনাগাজী ও চট্টগ্রামের মিরসরাই, সীতাকু- নিয়ে হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর। এ নগরীর জন্য প্রস্তাবিত ৩১ হাজার একর জমিতে ১২৩ বিনিয়োগকারীকে ১ লাখ ৬১ হাজার কোটি টাকা বিনিয়োগ অনুমোদন করা হয়েছে। দেশের ১৫ লাখ মানুষের কর্মসংস্থান হবে এখানে।
ফেনী, মিরসরাই ও সীতাকুন্ড অর্থনৈতিক অঞ্চল নিয়ে গঠিত বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর উন্নয়ন নিয়ে ফেনীতে অনুষ্ঠিত কর্মশালায় এসব কথা বলেন তিনি। ফেনী শহরের একটি কনভেনশন সেন্টারে গত বুধবার বেজা আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন পবন চৌধুরী। কর্মশালায় জানানো হয়, ১৯ দশমিক ৫ কিলোমিটার সমুদ্রতীরবর্তী বাঁধ নির্মাণকাজের ভৌত অগ্রগতি ৯০ ভাগ শেষ হয়েছে। ইতিমধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে ২৬টি শিল্পপ্রতিষ্ঠান উৎপাদন শুরু করেছে। এছাড়াও ৩৭টি প্রতিষ্ঠান নির্মাণাধীন রয়েছে।
