করোনাভাইরাস মহামারীর কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ ৩৪ দিন বাড়ানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এমএ খায়েরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দেশে করোনাভাইরাস পরিস্থিতির কারণে গত ১৭ মার্চ থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। এরপর দফায় দফায় ছুটি ১৪ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছিল।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিশ্বব্যাপী মহামারীর কথা বিবেচনায় নিয়ে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করেছে শিক্ষা মন্ত্রণালয়।’
এর আগে গত বুধবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছিলেন, ‘১৫ তারিখ থেকে খুলবে কি না, নাকি এ ছুটিটি আরও বাড়বে নাকি কোনো কোনো ক্লাসের জন্য আমরা সীমিত আকারে স্কুল খুলে ক্লাস শুরু করতে পারব এসব বিষয় নিয়ে এখনো কাজ চলমান। তবে ১৪ তারিখের আগে চেষ্টা করব সিদ্ধান্ত আপনাদের জানিয়ে দিতে। কারণ ১৪ তারিখের আগে তো আমাদের একটা সিদ্ধান্ত দিতেই হবে।’
গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি নতুন করে আরও ৩৪ দিন বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে। এর আগে সীমিত আকারে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে নবম-দশম শ্রেণির শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষার প্রস্তুতির জন্য সিলেবাস শেষ করার চিন্তাভাবনা চলছে বলে জানিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। এ ছুটি শেষ হলে সীমিত আকারে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
