ফের বিয়ে করছেন পাঁচ সন্তানের বাবা আসগর

আপডেট : ১৩ নভেম্বর ২০২০, ০১:৪৩ পিএম

আফগানিস্তান ক্রিকেট দলের অধিনায়ক আসগর আফগান আবার বিয়ে করতে যাচ্ছেন। ইতিমধ্যে তার আংটি বদল হয়েছে।

আসগরের এটি দ্বিতীয় বিয়ে। প্রথম সংসারে তার পাঁচ সন্তান।

আসগরের আংটি বদলের খবর দিয়েছেন আফগানিস্তানের সাবেক মিডিয়া ম্যানেজার মোহাম্মদ ইব্রাহিম। নিজের টুইটারে তিনি লিখেছেন, ‘আফগানিস্তান জাতীয় দলের অধিনায়ক তার জীবনে দ্বিতীয়বার আংটি বদল করলেন। তার প্রথম স্ত্রীর এক ছেলেসহ মোট পাঁচ সন্তান রয়েছে। অধিনায়কের দ্বিতীয় ইনিংসে অভিনন্দন।’

আসগর আফগানিস্তানের সফলতম অধিনায়ক। ২০০৯ সালে অভিষেকের পর ১১১ ওয়ানডেতে ২ হাজার ৩৫৬ রান করেছেন। ৬৯টি টি-টোয়েন্টিতে সংগ্রহ ১ হাজার ২৪৮। ৪ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে মোট রান ২৪৯।

আসগরের অধিনায়কত্ব ক্যারিয়ার আরও বেশি চমকপ্রদ। ২০১৫ সালের ফেব্রুয়ারিতে মোহাম্মদ নবীর পরিবর্তে তাকে অধিনায়কত্ব দেয় আফগান ক্রিকেট বোর্ড। তার অধীনে ৫৬ ওয়ানডের মধ্যে ৩১টিতেই জিতেছে আফগানিস্তান।

বিয়ের ব্যাপারে এখনো কিছু জানাননি আফগান অধিনায়ক। প্রথম স্ত্রীকে তালাক দিয়েছেন কি না-এ বিষয়েও বিস্তারিত জানা যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত