করোনা ধাক্কা কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলে ফিরল বাংলাদেশ জাতীয় ফুটবল। শুক্রবার নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবল ফিরল বাংলাদেশেও। শুধু বাংলাদেশ নয়, করোনা বিরতির পর দক্ষিণ এশিয়াতেই এটি প্রথম আন্তর্জাতিক ফুটবল ম্যাচ।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেল ৫টায় শুরু হয়েছে ম্যাচটি। স্বাস্থ্যবিধি মেনে এ ম্যাচে সীমিত সংখ্যক দর্শকও মাঠে বসে খেলা দেখার সুযোগ পাচ্ছে।
করোনা বিরতির আগে বাংলাদেশ সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছে জানুয়ারিতে। বঙ্গবন্ধু গোল্ডকাপে বুরুন্ডির বিপক্ষে ম্যাচ ছিল সেটি। আর বঙ্গবন্ধু স্টেডিয়ামে সবশেষ ম্যাচ হয়েছে মার্চে, প্রিমিয়ার লিগ ফুটবল চলছিল তখন।
মঙ্গলবার দ্বিতীয় প্রীতি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও নেপাল। মুজিববর্ষ উপলক্ষে এই দুটি প্রীতি ম্যাচের নাম করণ করা হয়েছে- ‘মুজিববর্ষ ফিফা আন্তর্জাতিক ফুটবল সিরিজ’।
