রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন রয়েছেন জনপ্রিয় অভিনেতা আজিজুল হাকিম। তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে গতকাল শুক্রবার সন্ধ্যায় দেশ রূপান্তরকে জানিয়েছেন আজিজুল হাকিমের স্ত্রী জিনাত হাকিম।
শ্বাসকষ্ট নিয়ে বৃহস্পতিবার রাত ৮টার দিকে হাসপাতালে ভর্তির কয়েক ঘণ্টার মধ্যেই তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। এর আগে মঙ্গলবার নমুনা পরীক্ষায় করোনাভাইরাস শনাক্তের পর চিকিৎসকের পরামর্শে বাসা থেকেই চিকিৎসা নিচ্ছিলেন তিনি। আজিজুল হাকিমের স্ত্রী জিনাত হাকিম ও ছেলে মুহাইমিন রেদোয়ান হাকিমেরও করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে; বাসা থেকেই চিকিৎসা নিচ্ছেন তারা।
শুক্রবার ভোরে আজিজুল হাকিমকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে বলে হাসপাতালের পরিচালক ও প্রধান নির্বাহী আল ইমরান জানান। তিনি বলেন, ‘আজিজুল হাকিমের শারীরিক অবস্থা এখন জটিল। শারীরিক অবস্থার অবনতি ঘটায় শুক্রবার ভোরে তাকে আইসিইউর লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।’
আজিজুল হাকিমের স্ত্রী জিনাত হাকিম দেশ রূপান্তরকে বলেন, ‘অবস্থা অপরিবর্তিত আছে। ছেলেকে নিয়ে আমি বাসায় আইসোলেশনে রয়েছি। এই অবস্থায় সবার কাছে আমরা দোয়া চাই।’
অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম গতকাল রাত সাড়ে ৮টায় দেশ রূপান্তরকে বলেন, ‘হাকিম ভাইয়ের অবস্থা স্থিতিশীল রয়েছে। সংগঠনের পক্ষ থেকে আমরা হাসপাতালের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। চিকিৎসকরা আমাদের জানিয়েছেন, তাকে আইসিইউর ভেন্টিলেশনে রাখা হয়েছে। শনিবার সকালে চিকিৎসকরা আমাদের আপডেট জানাবেন।’
