জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৩৩তম ব্যাচের শিক্ষার্থী এবং ৩১তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আনিসুল করিম শিপন ‘হত্যার’ প্রতিবাদে ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন জাবির সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। গতকাল শুক্রবার সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের ব্যানারে’ এ কর্মসূচিতে যোগ দেন সাবেক ও বর্তমান পাঁচ শতাধিক শিক্ষার্থী।
গত ৯ নভেম্বর রাজধানীর আদাবরের মাইন্ড এইড হাসপাতালে চিকিৎসার জন্য গেলে হাসপাতালকর্মীদের নির্যাতনে নিহত হন এ পুলিশ কর্মকর্তা। সমাবেশে বক্তারা বলেন, চিকিৎসার নামে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। পাশাপাশি সারা দেশে যেসব অবৈধ হাসপাতাল রয়েছে সেসবের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
সমাবেশে জাবি ছাত্রলীগের সাবেক সভাপতি ও সিনেট সদস্য মেহেদী জামিল, সাবেক সাধারণ সম্পাদক নূর হোসেন সৈকত বক্তব্য দেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন সাবেক নেতা তুহিন রেজা, মোহাম্মদ সোহেল পারভেজ, শেখ মো. নূরুজ্জামান, সৈয়দ মাহবুব আলম রতন, এসএম সাদাত হোসেন, সাংবাদিক চকর মালিথা, রাশেদ মেহেদী, আলমগীর স্বপন, কাজী জাকির হোসেন, জাহিদুর ররহমান খান, এসএম নূরুজ্জামান, রেজাউল হক কৌশিক, গোলাম মুজতবা ধ্রুব প্রমুখ।
