জুয়েলকে পিটিয়ে পুড়িয়ে হত্যা

বুড়িমারী বাজার মসজিদের মুয়াজ্জিন গ্রেপ্তার

আপডেট : ১৪ নভেম্বর ২০২০, ০২:০০ এএম

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারীতে আবু ইউনুস মো. সহিদুন্নবী জুয়েলকে (৫০) পিটিয়ে ও পরে আগুনে পুড়িয়ে মারার ঘটনায় বুড়িমারী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের মুয়াজ্জিন আফাজ উদ্দিনকে (৫০) গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। গত বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

এ নিয়ে করা তিন মামলায় মসজিদের খাদেম জোবেদ আলীসহ ৩৩ জনকে গ্রেপ্তার করা হলো। গ্রেপ্তার হওয়া আফাজ উদ্দিনের বাড়ি বুড়িমারী ইউনিয়নের ইসলামপুর গ্রামে। আজ শনিবার তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন লালমনিরহাট ডিবি পুলিশের ওসি ওমর ফারুক।

৩৩ আসামির মধ্যে মসজিদের খাদেমসহ তিনজন ইতিমধ্যেই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলার প্রধান আসামি আবুল হোসেন ওরফে হোসেন আলীকে গত শনিবার ভোরে রাজধানীর ভাটারা থানাধীন কুড়িল বিশ্বরোড এলাকা থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ গ্রেপ্তার করে। বর্তমানে আবুল পাঁচ দিনের রিমান্ডে রয়েছেন।

গত ২৯ অক্টোবর লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী কেন্দ্রীয় বাজার জামে মসজিদে ধর্ম অবমাননার দায়ে জুয়েল ও তার সঙ্গী একই এলাকার সুলতান রুবায়াত সুমনকে গণপিটুনি দিয়ে ইউনিয়ন পরিষদ ভবনে আটকে রাখে স্থানীয়রা। পরে সন্ধ্যায় ইউপি ভবন ভেঙে প্রশাসনের উপস্থিতিতে জুয়েলকে পিটিয়ে হত্যা করে মরদেহ আগুনে পুড়িয়ে ছাই করে স্থানীয়রা। এ সময় পাথরের আঘাতে পাটগ্রাম থানার ওসি সুমন কুমার মহন্তসহ ১০ পুলিশ সদস্য আহত হন। পুলিশ জুয়েলের সঙ্গী রুবায়াত সুমনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত