সুপার ওভার জিতে প্রথমবার ফাইনালে করাচি

আপডেট : ১৪ নভেম্বর ২০২০, ০৯:০২ পিএম

টি-টোয়েন্টিতে ১৪১ রানের পুঁজি খুব বড় নয়। তবে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্রথম কোয়ালিফায়ারে এই রান নিয়েও ভালো লড়াই করল মুলতান সুলতানস। করাচি কিংসের বিপক্ষে ম্যাচটা গড়াল সুপার ওভারে। এক ওভারের সেই লড়াইয়ে অবশ্য জয় হয়েছে বাবর আজমদের দল করাচির।

শনিবার কোয়ালিফায়ার ম্যাচে সুপার ওভারে জয় তুলে নিয়ে পিএসএলের ফাইনালের জায়গা করে নিয়েছে করাচি। আসরের ইতিহাসে দলটির এটি প্রথম ফাইনাল।

করাচি ন্যাশনাল স্টেডিয়ামে এদিন টস জিতে প্রতিপক্ষকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল করাচি কিংস। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৪১ রান করে মুলতান সুলতানস। জবাব দিতে নেমে বাবর আজমের ফিফটিতে ৮ উইকেটে ঠিক ১৪১ রানেই থামে করাচি কিংস।

সুপার ওভারে ১ ওভারের লড়াইয়ে করাচি ২ উইকেটে ১৩ রান তুললে সমর্থ হয়। জবাবে মুলতান সুলতানস থেমেছে ৯ রানে।

মূল ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ৪০ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে মুলতান। সেখান থেকে রবি বোপারার ৪০ ও সোহেল তানভিরের অপরাজিত ২৫ রানে মোটামুটি একটি পুঁজি দাঁড় করায় দলটি। করাচির পক্ষে ওয়াকাস মাকসুদ ও আরশাদ ইকবাল সর্বাধিক ২টি করে উইকেট নেন।

জবাবে বাবরের ব্যাটে জয়ের পথে এগোতে থাকে করাচি। তবে ১৭তম ওভারে বাবরের ফেরার পর বদলে যায় ম্যাচের রং। বাবর ৫৩ বলে ৫ চার ও ২ ছক্কায় ৬৫ রান করেন।

শেষ ৪ ওভারে ২৬ রান প্রয়োজন ছিল করাচির। কিন্তু মুলতান সুলতান দারুণভাবে ম্যাচে ফিরে সুপার ওভারে নিয়ে যায় খেলা।

সুপার ওভারে মুলতানের ১৪ রান প্রয়োজন পড়লেও মোহাম্মদ আমিরের দারুণ বোলিংয়ে জয় তুলে নেয় করাচি। ম্যাচসেরা হয়েছেন বাবর।

হারলেও ফাইনালের পথে আরো একটা সুযোগ পাচ্ছে মুলতান। রবিবার দ্বিতীয় এলিমিনেটর ম্যাচে খেলবে তারা। যেখানে লাহোর কালান্দার্স ও পেশোয়ার জালমির মধ্যে প্রথম এলিমিনেটরে জয়ী দল তাদের প্রতিপক্ষ হবে।

মঙ্গলবার আসরের ফাইনাল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত