চট্টগ্রাম জেলায় গত ২৪ ঘণ্টায় সাতটি ল্যাবে নমুনা পরীক্ষা করে ১৪৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে নগরীতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২২ হাজার ৪৮২ জন।
গতকাল শনিবার চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য জানান। তিনি বলেন, গত শুক্রবার চট্টগ্রামের সাতটি ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে নগরীর ১৩৫ জন এবং উপজেলার ১১ জন বাসিন্দার করোনাপজেটিভ শনাক্ত হয়। সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্তদের মধ্যে ১০০ জন পুরুষ এবং নারী ৪৬ জন। করোনায় গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি।
সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি আরও বলেন, স্বাস্থ্যবিধি না মানার ফলে এবং মাস্ক পরিধান না করে চলাফেরার কারণে সংক্রমণ আবার বাড়ছে। অবশ্যই নগরী ও উপজেলার সব বাসিন্দার মাস্ক পরিধান করা উচিত।
চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, চট্টগ্রামে বিগত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়েছেন ৬ জন এবং হোম আইসোলেশন থেকে সুস্থ হয়েছেন ৫০ জন। এই পর্যন্ত করোনা সংক্রমিতদের মধ্যে নগরীর ১৬ হাজার ৬৫৪ জন এবং উপজেলার ৫ হাজার ৮২৮ জন সুস্থ হয়েছেন। এই পর্যন্ত করোনায় ৩০৯ জনের মৃত্যু হয়েছে।
