সেরিব্রাল পালসি

এক লাখ টাকায় চিকিৎসা করছে গণস্বাস্থ্য : জাফরুল্লাহ

আপডেট : ১৫ নভেম্বর ২০২০, ০২:০৩ এএম

গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, দরিদ্রতা, অশিক্ষা ও নারীর প্রতি অবহেলা মূলত এই তিনটি কারণে সেরিব্রাল পালসির বিস্তৃতি বাংলাদেশে বেশি। গতকাল শনিবার গণস্বাস্থ্য নগর হাসপাতালে সেরিব্রাল পালসির সার্জিক্যাল চিকিৎসাসংক্রান্ত সেমিনারে এই তিন কারণ তুলে ধরেন তিনি।

জাফরুল্লাহ বলেন, ‘পুষ্টিহীনতা ও বাচ্চা হওয়ার সময় পর্যাপ্ত অক্সিজেন না পাওয়া। এ দুটি সমস্যার কারণে এ রোগটি হয়েও যেতে পারে। তাই আমাদের প্রথম কাজ হবে এটি প্রতিরোধ করা। যদি রোগটি হয়ে যায় তাহলে সার্জিক্যাল অপারেশন করা। সার্জিক্যাল অপারেশনে এ রোগ ভালো হয়। চিকিৎসা খুবই ব্যয়বহুল। বিভিন্ন প্রতিষ্ঠানে অপারেশনে তিন থেকে চার লাখ টাকা নেওয়া হয়। আমরা কিন্তু এক লাখ টাকায় একই চিকিৎসা দিচ্ছি।’

গত ১ নভেম্বর অধ্যাপক ডা. ফরিদুল ইসলাম গণস্বাস্থ্য নগর হাসপাতালে খুলি কেটে সফল অস্ত্রোপচার করেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নিউরোসার্জন অধ্যাপক ডা. ফরিদুল ইসলাম চৌধুরী।

এ সময় আরও বক্তব্য দেন ঢাকা শিশু হাসপাতালের পেডিয়াট্রিক নিউরো সার্জন ও বিভাগীয় প্রধান অধ্যাপক মোস্তফা মাহবুব, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সের সহকারী অধ্যাপক ডাক্তার নাজমুল হক, শিশু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মেজবা উদ্দিন আহমেদ প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত