নানা অজুহাতে মিয়ানমার সরকার রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা পেছাচ্ছে বলে অভিযোগ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে মোমেন। তিনি বলেছেন, ‘প্রথমে করোনার অজুহাত দিলেও এখন মিয়ানমার নির্বাচনের কথা বলে কালক্ষেপণ করছে। তবে সু চি আবার সরকার গঠন করছে। আশা করছি, রোহিঙ্গাদের ফেরত নিয়ে তিনি নতুন করে আলোচনা শুরু করবেন।’ গতকাল শনিবার সন্ধ্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমেদ সিনেট ভবনে এক আলোচনা সভায় এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।
তিনি আরও বলেন, ‘বাংলাদেশের চিহ্নিত কোনো শত্রু নেই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারণেই এমনটি হয়েছে। প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সবাই ভালো সম্পর্ক রাখতে পারে না। কিন্তু আমরা সেটা পেরেছি। ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক এতই ভালো যে, আমরা আমাদের যেকোনো সমস্যা তাদের কাছে তুলে ধরতে পারি।’
এর আগে বিকেলে সস্ত্রীক পররাষ্ট্রমন্ত্রী ক্যাম্পাসে পৌঁছলে উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহান তাদের স্বাগত জানান। পরে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাত করেন। এছাড়া ঊনসত্তরের গণঅভ্যুত্থানে শহীদ ড. জোহার কবর এবং ’৭১-এর বধ্যভূমি স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করেন পররাষ্ট্রমন্ত্রী।
