শেষ সপ্তাহে শনাক্ত বেড়েছে ৬ শতাংশ

আপডেট : ১৫ নভেম্বর ২০২০, ০২:২০ এএম

দেশে করোনাভাইরাস সংক্রমণের নতুন রোগী শনাক্ত ধীরে ধীরে বাড়ছে। শেষ এক সপ্তাহে আগের সপ্তাহ থেকে প্রায় ৬ শতাংশ রোগী বেশি শনাক্ত হয়েছে। তবে একই সময়ে মৃত্যু কমেছে দেড় শতাংশের মতো। গতকাল শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, শেষ সপ্তাহে (৮-১৪ নভেম্বর) নমুনা পরীক্ষা বেড়েছে ৩ দশমিক ৯৭ ভাগ এবং শনাক্ত বেড়েছে ৫ দশমিক ৮৮ ভাগ। এছাড়া সুস্থ বেড়েছে ৯ দশমিক ১৯ ভাগ ও মৃত্যু কমেছে ১ দশমিক ৫৯ ভাগ। শেষ সপ্তাহে করোনায় মারা গেছে মোট ১২৪ জন, যা আগের সপ্তাহে ছিল ১২৬ জন।

এদিকে অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ১ হাজার ৫৩১ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এদিন সাড়ে ১১ হাজারের বেশি নমুনা পরীক্ষায় প্রায় ১৩ শতাংশ হারে রোগী শনাক্ত হয়। এছাড়া শেষ ২৪ ঘণ্টায় দেশে আরও ১৪ করোনা রোগীর মৃত্যু হয়েছে। এদিন মৃতদের মধ্যে ৮ জনই ঢাকা বিভাগের বাসিন্দা এবং ৯ জনের বয়স ষাটোর্ধ্ব।

গতকাল ছিল দেশে প্রথম করোনা শনাক্তের পর ২৫২তম দিন। অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত গতকালের বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা দেশে ১১৫টি পরীক্ষাগারে করোনার নমুনা পরীক্ষা চলমান। এসব পরীক্ষাগারে সর্বশেষ ২৪ ঘণ্টায় (শুক্রবার দুপুর ১২টা থেকে শনিবার দুপুর ১২টা পর্যন্ত) ১১ হাজার ৫৭৭টি নমুনা সংগৃহীত হয়। আগের কিছু নমুনাসহ পরীক্ষা করা হয় ১১ হাজার ৭৯৫টি। এসব পরীক্ষায় ১ হাজার ৫৩১ জন নতুন রোগী শনাক্ত হয়। শনাক্তের হার ছিল ১২ দশমিক ৯৮ শতাংশ। সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ১৪ রোগীর মৃত্যু হয়েছে এবং বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ হাজার ৪৬২ রোগী সুস্থ হয়েছে।

এতে বলা হয়, দেশে গতকাল পর্যন্ত ২৫ লাখ ২৭ হাজার ১৩৪টি নমুনা পরীক্ষায় ৪ লাখ ৩০ হাজার ৪৯৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে মারা গেছে ৬ হাজার ১৭৩ এবং সুস্থ হয়েছে ৩ লাখ ৪৭ হাজার ৮৪৯ জন। বাকিরা চিকিৎসাধীন। এ পর্যন্ত যত পরীক্ষা হয়েছে তার বিপরীতে রোগী শনাক্ত হয়েছে ১৭ দশমিক ০৩ শতাংশ। শনাক্তদের মধ্যে এখন পর্যন্ত মৃত্যুহার ১ দশমিক ৪৩ ও সুস্থতার হার ৮০ দশমিক ৮০ শতাংশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ১০ ও নারী ৪ জন। এর মধ্যে ঢাকা বিভাগে ৮, চট্টগ্রামে ২ এবং রাজশাহী, খুলনা, রংপুর ও ময়মনসিংহে ১ জন করে মারা গেছে। মৃতদের মধ্যে ষাটোর্ধ্ব ৯, ৫১-৬০ বছরের ৩ এবং ৪১-৫০ বছরের ছিল ২ জন। ১৩ জন মারা গেছে হাসপাতালে এবং ১ জন বাড়িতে।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে করোনায় এ পর্যন্ত মৃতদের মধ্যে পুরুষ ৪ হাজার ৭৫১ ও নারী ১ হাজার ৪২২ জন। শতকরা হিসাবে পুরুষ ৭৬ দশমিক ৯৬ ও নারী ২৩ দশমিক ০৪ ভাগ। বিভাগগুলোর মধ্যে সর্বোচ্চ ৩ হাজার ২৩৪ জন মারা গেছে ঢাকা বিভাগে। এ ছাড়া চট্টগ্রামে ১ হাজার ২১১, খুলনায় ৪৮২, রাজশাহীতে ৩৭৭, রংপুরে ২৭৭, সিলেটে ২৫৭, বরিশালে ২০৬ ও ময়মনসিংহে সর্বনিম্ন ১২৯ জন মারা গেছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ১৪২ রোগীকে আইসোলেশনে ও ৬৪০ জনকে কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে। বর্তমানে আইসোলেশনে ১২ হাজার ১৭৬ ও কোয়ারেন্টাইনে আছে ৩৯ হাজার ৩১৫ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় হটলাইনগুলোতে ৫ হাজার ৯৪১টি কল এসেছে। সারা দেশে কভিড হাসপাতালগুলোতে ১১ হাজার ৪৫৩টি সাধারণ বেডের মধ্যে গতকাল রোগী ভর্তি ছিল ২ হাজার ৫৫২টিতে। বাকিগুলো খালি ছিল। এ ছাড়া ৫৬৪টি আইসিইউর মধ্যে খালি ছিল ২৮৮টি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত