উপমহাদেশের কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যুতে নেমে এসেছে শোক। স্মৃতিচারণা করছেন কাছের মানুষেরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় জানালেন নিজের অনুভূতির কথা।
পরমব্রত বলেন, ‘অনেকে ওনাকে গুরু মানেন , শিক্ষক বলেন , আমার কাছেও অবশ্যই তাই , আমার নিজের একান্ত নিজের উদয়ন মাস্টার, কিন্তু সব ছাড়িয়ে উনি ছিলেন একজন পরম বন্ধু ! গত দেড় বছরে বিশেষ করে , যেমন তৈরি হয়েছিল শ্ৰদ্ধা , ভালোবাসা , তেমনই হতো ছোট খাটো মতান্তরও , যেমন হয় বন্ধুদের |
আজ জীবনের একটা অংশ চলে গেলো, বাদ হয়ে গেল | একই সঙ্গে একজন শিক্ষক, পথ প্রদর্শক এবং বন্ধু হারালে কী রকম লাগে সেটা বলার চেষ্টা করে বৃথা | সে পথ এ যাবো না| কাজের কারণ এ হিমাচল প্রদেশ এ আছি | শেষ যাত্রা এ থাকতে পারছি না | এক দিকে ভালোই , এ দুঃখ নিভৃতে,নির্জনে, একান্তেই মানায় | হাত জোড় করে অনুরোধ করছি সংবাদ মাধ্যম এর বন্ধু দের কাছে, 'প্রতিক্রিয়া' জানতে চেয়ে ফোন করবেন না! এবারের টায় ছেড়ে দিন ! এ বিয়োগ বড়ো ব্যক্তিগত, এ কষ্ট শব্দের নয়, একার।
