অনূর্ধ্ব-১৯ দলের সাবেক ক্রিকেটার সজীবের আত্মহত্যা

আপডেট : ১৫ নভেম্বর ২০২০, ১০:৫০ পিএম

তরুণ ক্রিকেটার সজীবুল ইসলাম সজীব আত্মহত্যা করেছেন। ২৩ বছর বয়সী এই ক্রিকেটার ২০১৮ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ দলের স্ট্যান্ডবাই তালিকায় ছিলেন।

রবিবার রাজশাহীর দুর্গাপুর উপজেলার আমগাছি গ্রামে নিজ বাড়িতে সজীবের মৃত দেহ পাওয়া যায়।

এদিন আনুমানিক বেলা পৌনে ১২টায় তার লাশ উদ্ধার করে পুলিশ। নিজ ঘরে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় সজীবকে। পুলিশ দরজা ভেঙে লাশ উদ্ধার করে।

সংবাদমাধ্যমকে দুর্গাপুর ‍পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ (ওসি) হাসমত আলি বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে ওসি জানান, সজীব আত্মহত্যা করেছে। পুলিশের প্রাথমিক তদন্তেও তার প্রমাণ মিলেছে। তিনি আরো জানান, বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে দল না পাওয়ায় মানসিকভাবে হতাশ ছিলেন সজীব।

সজীব ক্রিকেট ক্যারিয়ার শুরু করেছিলেন রাজশাহীর বাংলা টেক ক্রিকেট একাডেমীতে। সেখানকার পরিচালক আব্দুল মুক্তাদির বলেন, ‘তার বাবা তাকে রাতের খাবারের জন্য ডেকেছে। কিন্তু সে তার বাবাকে বলে সে খাবে না। সকাল ১০টার দিকে কোনো ডাকেই সাড়া দিচ্ছিলে না সজীব। এরপর একটি ছিদ্র দিয়ে সজীবের বাবা দেখতে পারেন সে দড়িতে ঝুলে আছে। পরে তিনি পুলিশে খবর দেন।’

রাজশাহী জেলা ও বিভাগীয় দলের হয়ে অনূর্ধ্ব-১৩ ও অনূর্ধ্ব-১৬ পর্যায়ে খেলেছেন সজীব। ২০১৮-১৯ মৌসুমে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে খেলেছেন ওল্ড ডিওএইচএস ক্রিকেট ক্লাব ও সাইনপুকুর ক্রিকেট ক্লাবের হয়ে। মুক্তাদির জানান, ২০১৭ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছিলেন সজীব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত