চাঁদাবাজিসহ নানা অনিয়মের অভিযোগে বরখাস্তকৃত সাভারে বিরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান সাইদুর রহমান সুজনের বিরুদ্ধে আবারও কোটি টাকা চাঁদা দাবিসহ প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ মামলা দায়ের হয়েছে।
শুক্রবার রাতে মেসার্স মোজাফ্ফর এন্টারপ্রাইজের মালিক হাজী মো. মোজাফ্ফর হোসেন বাদী হয়ে সাভার মডেল থানায় মামলাটি দায়ের (নং-৩২) করেছেন।
এর আগে ঢাকার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি সিআর মামলা নং-৭৬০/২০২০ দায়ের করেন ভুক্তভোগী মোজাফ্ফর হোসেন। ওই মামলার দাখিলকৃত কাগজপত্র পর্যালোচনা করে বিজ্ঞ আদালত সাভার মডেল থানাকে সাত কার্যদিবসের মধ্যে মামলা নেওয়ার নির্দেশ প্রদান করে।
মামলার আসামিরা হলো- ঢাকার সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়নের কাকাবো গ্রামের মৃত আতাউল্লাহ মাদবরের ছেলে সাইদুর রহমান সুজন (৪৩), তার বড় ভাই মো. মেরাজ মেরাজ মিয়াসহ (৫৩) অজ্ঞাত পরিচয় ৭ থেকে ৮ জন।
জানতে চাইলে অভিযুক্ত সাইদুর রহমান সুজন বলেন, আমার জায়গায় অবৈধভাবে বালু ফেলার কারনে আমি ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ রাখতে বলি। তবে চাঁদা দাবি কিংবা হত্যার হুমকি দেওয়ার কোন ঘটনা ঘটেনি বলে জানান তিনি।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালতের নির্দেশে সুজন চেয়ারম্যান ও তার ভাইসহ ৭-৮ জনের বিরুদ্ধে একটি চাঁদাবাজির মামলা হয়েছে।
উল্লেখ্য, গত ১৪ অক্টোবর স্থানীয় সরকার বিভাগের উপসচিব স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়নের বিতর্কিত চেয়ারম্যান সাইদুর রহমান সুজনের বিরুদ্ধে চাঁদাবাজি ও দুর্নীতিসহ নানা অনিয়মের অভিযোগে থানায় মামলা দায়ের ও গ্রেপ্তার হওয়ায় সাইদুর রহমান সুজন কর্ত„ক সংঘটিত অপরাধমূলক কার্যক্রম পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ধারা ৩৪(১) অনুযায়ী তার স্বীয় পদ হতে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।
