বাস পোড়ানো মামলা

বিএনপির দেড়শ নেতাকর্মীর আগাম জামিনের আবেদন

আপডেট : ১৬ নভেম্বর ২০২০, ০৭:০৭ এএম

ঢাকা-১৮ আসনে উপনির্বাচনের দিন রাজধানীর কয়েকটি এলাকায় বাস পোড়ানোর ঘটনায় করা মামলায় বিএনপির দেড়শ নেতাকর্মী হাইকোর্টে আগাম জামিন চেয়ে আবেদন করেছেন। বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল গতকাল রবিবার দেশ রূপান্তরকে জানান, বিচারপতি হাবিবুল গণির নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে জামিনের আবেদন করা হয়েছে। কার্যতালিকায় এলে আগামী বুধবার আবেদনের ওপর শুনানি হতে পারে।

জামিনের আবেদনকারী উল্লেখযোগ্য নেতারা হলেন দলটির স্থায়ী কমিটির সদস্য  গয়েশ^র চন্দ্র রায়, ঢাকা- ১৮ আসনে বিএনপির প্রার্থী জাহাঙ্গীর হোসেন, দলটির পররাষ্ট্র বিষয়ক

কমিটির সদস্য ইশরাক হোসেন, যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল প্রমুখ।

গত ১২ নভেম্বর ঢাকা-১৮ আসনে  উপনির্বাচনে ভোটগ্রহণ হয়। নির্বাচনের দিন বিকেলে ঢাকার বিভিন্ন স্থানে মোট ১১টি বাস পোড়ানোর ঘটনা ঘটে। এসব ঘটনায় রাজধানীর ৯টি থানায় মোট ১৩টি মামলা হয়েছে। আসামি করা হয়েছে ৬৪৭ জনকে।

কায়সার কামাল বলেন, ‘ওই ঘটনায় বিস্ফোরক আইন, বিশেষ ক্ষমতা আইন ও দ-বিধির বিভিন্ন ধারায় বিএনপির কেন্দ্রীয়, ঢাকা মহানগর ও সহযোগী সংগঠনের কয়েকশ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। এসব মামলায় আজ (গতকাল) দেড়শ নেতাকর্মীর পক্ষে জামিনের আবেদন করা হয়েছে। আরও অনেকেই জামিনের আবেদন করবেন। আমরা মনে করি রাজনৈতিক প্রতিহিংসাবশত এসব মামলায় বিএনপির নেতাকর্মীদের আসামি করা হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত