শওকত আলীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

আপডেট : ১৬ নভেম্বর ২০২০, ০১:৩৫ পিএম

শরীয়তপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক ডেপুটি স্পিকার ও মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) শওকত আলীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এক শোকবার্তায়  তিনি বলেন, “মহান মুক্তিযুদ্ধ এবং সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালীকরণে অবদানের জন্য শওকত আলীকে জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।”

আরও বলেন, “তার মৃত্যুতে দেশ ও জনগণ একজন প্রবীণ নেতা হারিয়েছে এবং আমি নিজে বঙ্গবন্ধুর আদর্শের একজন বিশ্বস্ত সহকর্মীকে হারিয়েছি।”

শেখ হাসিনা বলেন, ১৯৬৯ সালে পশ্চিম পাকিস্তানি শাসকদের দায়ের করা আগরতলা ষড়যন্ত্র মামলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে কারাগারে ২৬ নম্বর আসামি শওকত আলীর ঐতিহাসিক দিনগুলো শ্রদ্ধার সঙ্গে স্মরণ করিয়ে দেয়।

তার রুহের মাগফিরাত কামনা করেন প্রধানমন্ত্রী এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল সাড়ে ৯টার দিকে শওকত আলী মারা যান। তার বয়স হয়েছিল ৮৪ বছর।

কিডনি, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদ্‌রোগ ও নিউমোনিয়ায় ভুগছিলেন তিনি। এর আগে গত ৫ নভেম্বর থেকে একই হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন।

স্ত্রী মাজেদা শওকত আলী, দুই ছেলে ফিরোজ শওকত আলী, খালেদ শওকত আলী ও এক মেয়ে মেরিনা শওকতসহ নাতি-নাতনি ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন শওকত আলী।

শরীয়তপুরের নড়িয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের লুংসিং গ্রামে মুন্সী বাড়িতে তার জন্ম। সাবেক ডেপুটি স্পিকার কর্নেল শওকত আলী শরীয়তপুর-২ আসন থেকে ছয়বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি মুক্তি সংহতি পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং ৭১ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত