তিন বছর পর সিনেমায় ফিরছেন ফারিন

আপডেট : ১৬ নভেম্বর ২০২০, ১০:৩৬ পিএম

তিন বছর পর আবারও নতুন সিনেমায় কাজ করতে যাচ্ছেন ‘ধ্যাৎতেরিকি’খ্যাত চিত্রনায়িকা হুমায়রা ফারিন খান। ২০১৭ সালে ‘ধ্যাৎতেরিকি’ সিনেমায় অভিনয় করে রূপালি পর্দায় অভিষেক হয় হুমায়রা ফারিন খানের। ছবিটিতে তিনি চিত্রনায়ক রোশানের বিপরীতে অভিনয় করেছিলেন। ছবিটি খুব একটা ব্যবসায়িক সাফল্য পায়নি। তবে নতুন মুখ হিসেবে আলোচনায় ছিলেন ফারিন।

কিন্তু প্রত্যাশা জাগিয়ে হঠাৎ করেই নিখোঁজ হয়ে গেলেন তিনি। কয়েকটি ছবিতে তার নাম অভিনয়ের কথা শোনা গেলেও সেগুলো আর সত্যি হয়নি। গুঞ্জন উঠেছিল বিয়ে করে শোবিজ ছেড়েছেন তিনি। তবে সেই গুঞ্জনেরও কোনো সত্যতা মেলেনি।

 

 

জানা যায়, পারিবারিক ও পড়াশোনার কারণে নিজেকে সিনেমা থেকে সরিয়ে রেখেছেন ফারিন। সেই বিরতি কাটিয়ে তিনি আবারও ফিরছেন। তার হাতে রয়েছে বেশ কয়েকটি নতুন সিনেমা। এমনটিই জানিয়েছেন ফারিন।

এই তরুণী বলেন, ‘অনেক স্বপ্ন নিয়ে সিনেমায় পা রেখেছিলাম। যাত্রাটা বেশ জমকালো ছিল। কিন্তু পড়াশোনার জন্য পরিকল্পনাটা এলোমেলো হয়ে গেল। বাধ্য হয়ে বিরতি নিতে হয়েছে। পড়াশোনার ঝামেলা চুকিয়েছি। সেই ফাঁকে নিজের অভিনয়ের উন্নতির জন্য কিছু কাজ করেছি। এবার নতুন করে শুরু করতে চাইছি।’

এরইমধ্যে বেশ কিছু ফটোশুটে অংশ নিয়েছেন ফারিন। সম্প্রতি নতুন একটি সিনেমায় অভিনয়ের জন্যও চূড়ান্ত হয়েছেন।

ফারিন বললেন, ‘একটি নতুন প্রোডাকশনে হাউজের সঙ্গে কাজ করতে যাচ্ছি। তাদের এখন পর্যন্ত যা পরিকল্পনা তাতে প্রত্যাশা করছি ভালো কিছু হবে। আগামী বছরের জানুয়ারিতেই এর শুটিং শুরু হবে।’

শিগগিরই ছবির নামসহ এর পরিচালক ও অন্যান্য কলাকুশলীদের নাম প্রকাশ করা হবে বলে জানালেন ফারিন খান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত