বেনাপোল বন্দরে ব্লিচিং পাউডার ঘোষণা দিয়ে কফি ও ওষুধ জাতীয় পণ্য আমদানির অভিযোগে ভারতীয় একটি ট্রাক আটক করেছেন কাস্টমস কর্মকর্তারা। গতকাল সোমবার চালানটি শতভাগ কায়িক পরীক্ষা করে ৬ হাজার ৪২০ টনের এই মিথ্যা ঘোষণার পণ্য আটক করা হয়। কাস্টমসের সহকারী কমিশনার কল্যাণ মিত্র জানান, ঢাকার আমদানিকারক প্রতিষ্ঠান এমএস রিড এন্টারপ্রাইজ ভারত থেকে ৬ হাজার ৪২০ টনের একটি ব্লিচিং পাউডারের চালান আনে। পণ্য চালানটি বেনাপোল বন্দরে প্রবেশকালে বন্দরের ৩২ নম্বর শেডের সামনে থেকে গোপন সূত্রে খবর পেয়ে কাস্টমসের আইআরএম টিম ট্রাকসহ পণ্য চালানটি আটক করে। পণ্যটি বন্দর থেকে ছাড় করানোর দায়িত্বে নিয়োজিত ছিল সিঅ্যান্ডএফ এজেন্ট রিয়াংকা ইন্টারন্যাশনাল।
বেনাপোল কাস্টমস কমিশনার আজিজুর রহমান জানান, রাজস্ব ফাঁকির বিষয়ে জিরো টলারেন্স নীতি নেওয়া হয়েছে। ইতিপূর্বে ৭টি চালান আটক করা হয়েছে। ৫ কোটি টাকার বেশি জরিমানা আদায় করা হয়েছে। ৭ লাইসেন্স বাতিল করা হয়েছে।
