গীতিকার দেওয়ান লালন আহমেদ বাপ্পির লেখা নতুন আরও একটি গান প্রকাশ হয়েছে। এই গানের শিরোনাম ‘লোকে নাকি পাগল বলে’। ওয়াহিদ রাসেলের কণ্ঠে গানটি প্রকাশিত হয়েছে ঈগল মিউজিকের ব্যানারে, প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে।
গীতিকবি লালন জানান, ভালোবাসার অনুষঙ্গ- প্রিয়তমার চুল, নখ, গোলাপের পাপড়ি, এই উন্মাদনা এই অভিসন্ধি একান্তই অনুভূত যা লোকে হয়তো পাগল বলবে। সেই বোধের গাঁথুনি বহিঃপ্রকাশ হচ্ছে এই গান।
‘লোকে নাকি পাগল বলে/ নখ চুলে কি মেলে?/ নেই ভাল যার নেইকো মন্দ/ শুকনো গোলাপের গন্ধ রে
শুকনো গোলাপের গন্ধ’- এমন কথার গানটি নিয়ে লালন বলেন, ‘আশা করছি সকলের গানটি অনেক ভাল লাগবে। বিশেষ ধন্যবাদ ঈগল মিউজিকের কর্ণধার কচি আহমেদ ভাইকে।’
এদিকে কচি আহমেদ জানান, লালনের কথায় মোট চারটি গান প্রকাশ করল ঈগল মিউজিক। এর আগে ফিডব্যাক খ্যাত লুমিনের ‘জারুল ফুল’ ও ‘কষ্ট ফুলের দল’, ওয়াহিদ রাসেলের ‘কষ্ট এবং আজ ‘লোকে নাকি পাগল বলে’ প্রকাশিত হল।
গায়ক ওয়াহিদ রাসেল বলেন, গানটি নিয়ে তিনি খুব আশাবাদী। দেওয়ান লালন আহমেদ খুব মেধাবী গভীর বোধ সম্পন্ন একজন গীতিকার। সামনেই তার লেখা আরেকটি গান ‘এমন আপন কেউ হবে না’-তে কণ্ঠ দেবেন ওয়াহিদ রাসেল। এই গানের সুর করেছেন অটমনাল মুন।
