শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া।
মঙ্গলবার মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আবদুল হামিদের আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নীলিমা আফরোজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, ৪ বছরের জন্য এ নিয়োগ দেওয়া হলো। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। ভিসি হিসেবে তিনি তার পদসংশ্লিষ্ট বেতন-ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া দেশ রূপান্তরকে বলেন, আমি দীর্ঘ ৩৭ বছর যাবৎ এখানে শিক্ষকতা করে আসছি, এখন দায়িত্ব আরও বেড়ে গেল। আশা করছি শিক্ষা, গবেষণা ও উন্নয়নের ক্ষেত্রে এ বিশ্ববিদ্যালয় অনন্য উচ্চতায় যাবে, সে লক্ষ্যে আমি আমার কাজ করে যাব। এ ক্ষেত্রে সকলের দোয়া ও সহযোগিতা চাই।
ড. ভূঁইয়া ১৯৫৬ সালে নরসিংদী জেলার বেলাব উপজেলার রায়েরগাও গ্রামে জন্ম গ্রহণ করেন। পিতা আবদুর রশীদ ভূঁইয়া ও মাতা সুফিয়া খাতুন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষিতে স্নাতক এবং কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ অব এবারেষ্টউইথ থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি লাভ শেষে ১৯৮৩ সালে তৎকালীন বাংলাদেশ কৃষি ইনস্টিটিউট বর্তমান শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন।
