প্রথম ম্যাচে দৃষ্টিনন্দন ফুটবল খেললেও দ্বিতীয় ম্যাচে তা পারেনি বাংলাদেশ। নেপালের বিপক্ষে মঙ্গলবার তাই গোল আদয় করতে পরেনি স্বাগতিকরা। সন্তুষ্ট থাকতে হয়েছে ড্র নিয়ে। করোনা আক্রান্ত প্রধান কোচ জেমি ডের অনুপস্থিতিতে ডাগআউট সামলানো ভারপ্রাপ্ত কোচ স্টুয়ার্ট ওয়াটকিসও মানছেন শিষ্যরা খেলতে পারেনি মন মতো।
এদিন ম্যাচ শেষে ওয়াটকিস বলেন, ‘আমরা অনেকটা সময় ভালো খেলেছি। পাসিং ভালো ছিল। কিছু ভালো মুহূর্তও ছিল। তবে যতটা দরকার ছিল, ততটা সুযোগ তৈরি করতে পারিনি।’
ম্যাচের ফলকে তিনি যথার্থই বলছেন, ‘ভালো একটা দলের বিপক্ষে কঠিন ম্যাচ ছিল। নেপাল খুব ভালো খেলেছে। একটা জমজমাট ম্যাচ ছিল। ড্র যথার্থ ফল।’
সামনে কাতারের বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচ বাংলাদেশের। আগামী ৪ ডিসেম্বর হতে যাওয়া সেই ম্যাচ খেলতে বৃহস্পতিবারই দেশ ছাড়বেন জামাল ভূঁইয়ারা।
বাংলাদেশ কোচের মতে মুবিজবর্ষ সিরিজের এই দুই ম্যাচ কাতারে কাজে দেবে, ‘এই দুই ম্যাচ কাতারে আমাদের কাজে দিবে। যদিও সেখানে গিয়ে আমরা আরো দুটো প্রস্তুতি ম্যাচ খেলব। তবে আমরা যখন কাতারের বিপক্ষে খেলব, আমাদের মনে রাখতে হবে, তারা এশিয়ার চ্যাম্পিয়ন এবং তাদের বিপক্ষে লড়তে হলে আমাদের সেরাটা দিতে হবে।’
