বঙ্গবন্ধু কাপ নিজের করতে চান আফিফ

আপডেট : ১৮ নভেম্বর ২০২০, ০২:১৮ এএম

বঙ্গবন্ধু কাপ টি-২০ টুর্নামেন্ট নিয়ে উত্তেজনার পারদ ছড়াতে শুরু করেছে। দলগুলো বায়ো-বাবলে ঢুকবে ২০ তারিখ। এর আগে গতকাল ফরচুন বরিশাল মিরপুরে তাদের দলগত প্র্যাকটিস শুরু করে দিল। তাদের সেনসেশনাল তরুণ অল রাউন্ডার আফিফ হোসেন ধ্রুব এবারের ৫ দলের আসরটাকে নিজের করে নিতে চান। ‘ফরচুন বরিশাল নতুন একটি টিম। আমি খুবই রোমাঞ্চিত। প্রথমবারের মতো এই টিমে খেলছি। আশা করি এই টিমের জন্য ভালো কিছু করতে পারব’ বলছিলেন দেশের পক্ষে ১৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলা আফিফ।

গতকাল অবশ্য বরিশালের পুরো স্কোয়াড প্র্যাকটিস করেনি। আফিফ, মেহেদী হাসান মিরাজ, সোহরাওয়ার্দী শুভ, আমিনুল ইসলাম বিপ্লব, সাইফ হাসান, মাহিদুল অঙ্কন, সুমন খান, আবু সায়েম ও তাসকিন আহমেদ ছিলেন অ্যাকাডেমি মাঠে সকাল ১০টা থেকে। অন্যরা যার যার জেলায় অনুশীলনে ছিলেন বলে জানিয়েছে বরিশাল ফরচুনের মিডিয়া বিভাগ। ৫ দল নিয়ে পরিকল্পিত এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে ফরচুন বরিশালের ম্যাচ পড়েছে উদ্বোধনী দিনেই। জেমকন খুলনার সঙ্গে তাদের খেলাটা রাতে। জেমকনে আছেন দেশের ও দলটির টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ ও বিশ্বের অন্যতম সেরা অল রাউন্ডার সাকিব আল হাসানের মতো অভিজ্ঞরা। আফিফদের অধিনায়ক জাতীয় ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। গত রাতে লাহোর কালান্দার্সের হয়ে পিএসএলের ফাইনাল খেলেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত