অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশে এবার চালু হচ্ছে তিনটি নতুন নিয়ম। টুর্নামেন্টটির দশম আসরে দর্শকরা পরিচিত হবেন, ‘পাওয়ার সার্জ’, ‘এক্স-ফ্যাক্টর’ ও ‘ব্যাশ বুস্ট’ নিয়মের সঙ্গে। ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে গতকাল আসন্ন পরিবর্তন সম্পর্কে নিশ্চিত করা হয়েছে। ৪০ ওভার জুড়ে টি-টোয়েন্টি ম্যাচকে আরও আকর্ষণীয় করে তুলতেই এমন পরিবর্তনের সিদ্ধান্ত বলে জানিয়েছে সংস্থাটি।
গত আগস্টে ট্রেন্ট উডহিল যোগ দিয়েছেন বিগ ব্যাশের পরামর্শক হিসেবে। অধিনায়ক-কোচদের সিদ্ধান্ত গ্রহণকে আরও গুরুত্বপূর্ণ করে তুলতে তিনি কিছু পরিবর্তনের পরামর্শ দিয়েছেন। সেই উডহিলের বিশ্বাস নতুন সংযুক্তি খেলাটিকে আরও এগিয়ে নেবে। ১০ ডিসেম্বর শুরু হতে যাওয়া বিগব্যাশে যে সব সংযোজন করা হবে তা হলো...
পাওয়ার সার্জ : এতদিন টানা ৬ ওভারের পাওয়ার প্লের নিয়ম ছিল। পরিবর্তে এবার ইনিংসের শুরুতে থাকবে ৪ ওভারের বাধ্যতামূলক পাওয়ার প্লে। বাকি দুই ওভার ব্যাটিং দল নিতে পারবে ১১ ওভারের পর থেকে যে কোনো সময়। সেই দুই ওভারের নাম হবে ‘পাওয়ার সার্জ।’ ওই দুই ওভারে ৩০ গজ বৃত্তের ভেতরে ও বাইরে ফিল্ডার রাখার নিয়ম ৪ ওভারের পাওয়ার প্লের মতোই হবে।
এক্স-ফ্যাক্টর : আন্তর্জাতিক ক্রিকেটে এক সময় চালু হয়েছিল ‘সুপার-সাব।’ পরে বাতিল করা হয়। সেটাই বিগব্যাশে আবার ফিরে আসছে। প্রথম ইনিংসের ১০ ওভারের পর বদলি ক্রিকেটার নিতে পারবে দুই দলই। সেই ক্রিকেটারকে অবশ্যই তালিকার দ্বাদশ বা ত্রয়োদশ ব্যক্তি হতে হবে। প্রথম ১০ ওভারের মধ্যে যে ক্রিকেটার ব্যাট করেননি কিংবা ১ ওভারের বেশি বল করেননি, কেবল তাদেরই বদলি নেওয়া যাবে। সেটাও ১০ ওভারের পর। কোনো বোলার ১০ ওভারের আগে ইনজুরিতে পড়লেও তার বদলি নেওয়া যাবে না।
‘ব্যাশ বুস্ট’ : পরাজিত দলের সামনে এক পয়েন্ট জেতার সুযোগ থাকবে। ম্যাচ জয়ের জন্য দুই পয়েন্ট নয়, চার পয়েন্ট জয়ের সুযোগ থাকবে। ম্যাচ জিতলে পাবে তিন পয়েন্ট। বাকি এক পয়েন্ট জয়ের সুযোগ থাকবে উভয় দলের। সেটাই ‘ব্যাশ বুস্ট’ পয়েন্ট। যা নির্ধারিত হবে দ্বিতীয় ইনিংসের ১০ ওভার পর। উভয় দলের প্রথম ১০ ওভার শেষে যে দলের রান বেশি থাকবে, তারাই পাবে ওই এক পয়েন্ট।
