তিন কার্যদিবসে ধর্ষণ মামলার রায়

কুষ্টিয়ায় মাদ্রাসা সুপারের যাবজ্জীবন

আপডেট : ১৮ নভেম্বর ২০২০, ০২:৫৮ এএম

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় এক মাদ্রাসাছাত্রীকে (১৩) ধর্ষণ মামলার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকার অর্থদণ্ডের রায় ঘোষণা করেছে আদালত।

সাক্ষ্যগ্রহণের মাত্র তিন কার্যদিবসে এ রায় ঘোষণা করা হলো। গতকাল মঙ্গলবার দুপুর দেড়টার দিকে কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন বিশেষ আদালতের বিচারক মুন্সি মো. মশিয়ার রহমান আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। 

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আবদুল হালিম জানান, ধর্ষণ মামলার রায় ঘোষণার দিক থেকে দেশের ইতিহাসে এটিই দ্রুততম। দ্রুত এ রায়ের মাধ্যমে ভুক্তভোগী পরিবারটি ন্যায়বিচার পেয়েছে।

আবদুল হালিম জানান, সাজাপ্রাপ্ত আসামি আবদুল কাদের (৪৫) ওই মাদ্রাসার পরিচালক ও উপজেলার একটি গ্রামের বাসিন্দা।

মামলার এজাহার ও আদালত সূত্র জানায়, গত ৪ অক্টোবর উপজেলায় একটি মাদ্রাসার আবাসিক ছাত্রীকে ভয়ভীতি দেখিয়ে আবদুল কাদের ধর্ষণ করেন। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে পরদিন মিরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পরে আবদুল কাদেরকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তিনি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) আতিকুর রহমান ৭ দিনে তদন্ত শেষে ১৩ অক্টোবর আবদুল কাদেরের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলাটি বিচার ও নিষ্পত্তির জন্য ট্রাইব্যুনালে পাঠানো হলে আসামির বিরুদ্ধে অপরাধ আমলে নেওয়া হয়। ১২ নভেম্বর আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে। ১৩ ও ১৪ নভেম্বর সরকারি ছুটি থাকায় আদালত বন্ধ ছিল। ১৫ নভেম্বর বাদীসহ ১৩ জন আদালতে সাক্ষ্য দেন।

মঙ্গলবার সকাল থেকে আদালতে মামলার যুক্তিতর্ক উপস্থাপিত হয়। যুক্তিতর্ক শেষে আদালত দুপুরের পর রায় ঘোষণার সময় নির্ধারণ করেন। এরপর দুপুর ১টা ১২ মিনিটে বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করেন।

পিপি আবদুল হালিম জানান, রায় ঘোষণার সময় আদালত তার মন্তব্যে বলেছে, ‘এখানে রক্ষকই ভক্ষক হয়েছে। আমার কাছে মনে হয়েছে, ঘটনা সত্য ও আসামি অপরাধী। তাই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হলো। বাংলাদেশে এত দ্রুত সময়ের মধ্যে রায় হয়নি। সকলের সহযোগিতায় এটা সম্ভব হয়েছে।’

রায় ঘোষণার পর দ্রুত আসামি আবদুল কাদেরকে পুলিশ জেলা কারাগারে পাঠিয়ে দেয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত