লাদাখকে চীনের অংশ দেখিয়ে ক্ষমা চাইল টুইটার

আপডেট : ১৮ নভেম্বর ২০২০, ০৯:০৮ পিএম

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের লাদাখকে চীনের অংশ হিসেবে দেখিয়েছিল মাইক্রোব্লগিং সাইট টুইটার। বিষয়টির জন্য তারা ক্ষমাও চেয়েছে।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানায়, চলতি মাসের ৩০ তারিখের মধ্যে ভুল শোধরানো হবে বলে টুইটার জানিয়েছে। এ বিষয়ে ভারতের একটি যৌথ সংসদীয় কমিটিকে তারা চিঠি দেয়।

ওই কমিটির চেয়ারম্যান মীনাক্ষী লেখি বলেন, ‘টুইটার আইনসি-র চিফ প্রাইভেসি অফিসার ডেমিয়েন কেরিয়েন স্বাক্ষরিত হলফনামা জমা দিয়ে ক্ষমা চেয়েছে টুইটার।’

তিনি বলেন, ‘ভারতীয়দের আবেগে আঘাত দেয়ায় দুঃখপ্রকাশ করেছে ওরা। ৩০ নভেম্বরের মধ্য ভুল শুধরে নেওয়া হবে বলে তারা জানিয়েছে।’

অক্টোবরে লাদাখ নিয়ে চীনের সঙ্গে সীমান্ত বিরোধ চলাকালীন বিষয়টি নিয়ে বিতর্ক ওঠে। সেসময় লাদাখের লেহ‌্‌-তে গিয়ে টুইটারে একটি ছবিতে জিয়ো লোকেশন ট্যাগ করেন এক সংবাদকর্মী।

ওই জিয়ো লোকেশনে লেহ্‌কে চীনের অংশ হিসেবে দেখানো হয়। বিষয়টি সামনে আসতেই শোরগোল পড়ে যায়। এ নিয়ে টুইটারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে ভারত সরকার। এ নিয়ে এক যৌথ সংসদীয় কমিটি টুইটারের কাছে ব্যাখ্যা চায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত