বিশ্ববিখ্যাত পিপলস ম্যাগাজিন প্রতিবারের মতো এবারও বিশ্বের সবচেয়ে আবেদনময় পুরুষের নাম প্রকাশ করেছে। ম্যাগাজিনটির ৩৫তম বর্ষপূর্তি সংখ্যার প্রচ্ছদে স্থান পেয়েছেন মার্কিন অভিনেতা-প্রযোজক মাইকেল বি জর্ডান। তাকে ‘সেক্সিয়েস্ট ম্যান অ্যালাইভ ২০২০’ উপাধি দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বললেন, ‘এটি দুর্দান্ত অনুভূতি। অনেকেই রসিকতা করে বলেছিল, এটি সম্ভবত আপনার কপালে নেই। আমার পরিবারে এমন কিছু নারী আছেন যারা এজন্য গর্বিত।’ তিনি আরও বলেন, ‘যখন আমার দাদি জীবিত ছিলেন, তিনি এ ম্যাগাজিন সংগ্রহ করতেন। আমার মা-খালারা স্বাভাবিকভাবেই এটি প্রচুর পরিমাণে পড়তেন। এবারের সংখ্যাটা অবশ্যই একটি বিশেষ জায়গা পাবে তাদের কাছে।’ মাইকেল বি জর্ডানের আগে এ খেতাব পেয়েছিলেন গায়ক জন লেজেন্ড এবং হলিউডের কৃষ্ণাঙ্গ অভিনেতা ইদ্রিস এলবা। মাইকেল বি জর্ডানের এ তালিকায় আসার কারণ ‘ফ্রুটভেল স্টেশন’ ও ‘জাস্ট মার্সি’ সিনেমায় তার অসাধারণ অভিনয়, যা নজর কেড়েছে সমালোচকদের। এর আগে, ২০১৮ সালে ‘ব্ল্যাক প্যানথার’ মুভিতে অভিনয় করে গ্লোবাল তারকা হয়ে ওঠেন তিনি। ২০২০ সালেই টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায়ও উঠে আসে জর্ডানের নাম।
×
