বিলেটের নতুন বাজার অনুসন্ধানের পরামর্শ

আপডেট : ১৯ নভেম্বর ২০২০, ১২:৫৩ এএম

এমএস বিলেট উৎপাদন এবং তা রপ্তানি বাড়িয়ে জাতীয় অর্থনৈতিক অগ্রগতিতে অবদান রাখতে ইস্পাত শিল্প উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। গতকাল বুধবার জিপিএইচ ইস্পাতের উদ্যোগে চীনে ২৫ হাজার টন এমএস বিলেট রপ্তানি কার্যক্রম উদ্বোধনকালে এ আহ্বান জানান তিনি। ভার্চুয়াল মাধ্যমে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

শিল্পমন্ত্রী বলেন, অভ্যন্তরীণ চাহিদার তুলনায় দেশীয় ইস্পাত শিল্পের উৎপাদনক্ষমতা বেশি থাকলেও এটি পুরোপুরি কাজে লাগানো সম্ভব হচ্ছে না। তিনি জিপিএইচ ইস্পাতের দৃষ্টান্ত অনুসরণ করে এমএস বিলেট উৎপাদন এবং রপ্তানির নতুন বাজার খুঁজে বের করতে শিল্পোদ্যোক্তাদের পরামর্শ দেন।

শিল্পমন্ত্রী আরও বলেন, কভিড মহামারীর মধ্যেও ২০১৯-২০ অর্থবছর বাংলাদেশ ৫ দশমিক ২৪ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জন করেছে, যেখানে শিল্পোন্নত দেশগুলোর জিডিপি প্রবৃদ্ধি ঋণাত্মক।  বর্তমানে দেশে প্রায় ৪০০ ইস্পাত কারখানা গড়ে উঠেছে। এসব কারখানার বার্ষিক উৎপাদন ক্ষমতা প্রায় ৮ মিলিয়ন টন। দেশের অভ্যন্তরীণ ইস্পাত ব্যবহারের পরিমাণ ৭.৫ মিলিয়ন টন। তিনি বলেন, ইস্পাত শিল্প খাত বিকাশের পথে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করতে শিল্প মন্ত্রণালয় কাজ করছে। এ শিল্পের কাঁচামাল সহজলভ্য করতে মন্ত্রণালয় ইতিমধ্যে জাহাজভাঙা কার্যক্রমকে শিল্প হিসেবে ঘোষণা করেছে। চট্টগ্রামের সীতাকু- উপজেলায় জাহাজভাঙা শিল্প জোন গড়ে তোলা হয়েছে। মন্ত্রী বলেন, স্ক্র্যাপ আমদানি ও উৎপাদিত পণ্য রপ্তানিকালে দুবার ফ্রেইট খরচসহ অন্যান্য শুল্ক বাধা অপসারণে বাণিজ্য মন্ত্রণালয় উদ্যোগ নিলে শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্বাত্মক সমর্থন থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত