সিলেট-মাসকাট রুটে গতকাল বুধবার প্রথমবারের মতো ফ্লাইট শুরু করেছে ইউএস-বাংলা এয়ারলাইনস। বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে বিএস-৩২৭ ফ্লাইটে সিলেট থেকে ৮০ যাত্রী নিয়ে মাসকাটের উদ্দেশে যাত্রা করে।
ইউএস-বাংলা জানায়, যাত্রা শুরুর আগে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানবন্দর ব্যবস্থাপক হাফিজ আহমেদ ফিতা কেটে ফ্লাইট উদ্বোধন করেন। এ রুটে প্রতি সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালিত হবে। সপ্তাহে প্রতি মঙ্গল ও শুক্রবার রাত ৭টা ৩০ মিনিটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে স্থানীয় সময় রাত ১০টা ৩০ মিনিটে মাসকাটে অবতরণ করবে। প্রতি মঙ্গল ও শুক্রবার মাসকাট থেকে স্থানীয় সময় রাত ১১টা ৩০ মিনিটে উড্ডয়ন করে পরদিন সকাল ৭টা ১৫ মিনিটে সিলেটে অবতরণ করবে। বর্তমানে ইউএস-বাংলা প্রতি সপ্তাহে সোম ও বৃহস্পতিবার ঢাকা থেকে মাসকাট ও বুধ ও রবিবার চট্টগ্রাম থেকে মাসকাট রুটে দুটি করে ফ্লাইট পরিচালনা করছে। ইউএস-বাংলা সোম ও বৃহস্পতিবার রাত ১০টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাসকাটের উদ্দেশে ছেড়ে যায় এবং পরের দিন মঙ্গল ও শুক্রবার স্থানীয় সময় রাত ১টায় মাসকাটে অবতরণ করে। মাসকাট থেকে মঙ্গল ও শুক্রবার স্থানীয় সময় রাত ২টায় ঢাকার উদ্দেশে ছেড়ে সকাল ৮টা ৩০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
