১৬ বছর পর পাকিস্তান যাচ্ছে ইংল্যান্ড

আপডেট : ১৯ নভেম্বর ২০২০, ০১:০৩ এএম

পাকিস্তানের জন্য একসঙ্গে দুই সুসংবাদ। এশিয়ার বাইরের কোনো বড় টেস্ট শক্তি ২০০৯ সালের পর তাদের মাটিতে খেলতে আসছে। ১৬ বছর পর ২০২১’র ১৪ ও ১৫ অক্টোবর পাকিস্তানে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ইংল্যান্ড। খেলা দুটি হবে করাচিতে। ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ আগামী বছরের অক্টোবরে। তার আগে পাকিস্তানে খেলে বিশ্বকাপ খেলতে যাবে ইংলিশরা। এর আগে ২০০৫ সালে পাকিস্তান সফর করেছিল ইংল্যান্ড।

এই সিরিজের পরপরই অস্ট্রেলিয়া পাকিস্তানে আসবে। অবশ্য অজিদের সঙ্গে সিরিজের দিন-তারিখ বা ম্যাচ এখনো ঠিক হয়নি। আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রামে ২০২২ সালেই পাকিস্তান সফরের কথা অস্ট্রেলিয়ার। এই সফরে দুই টেস্ট, তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা দুই দলের। সেই সফরেই অস্ট্রেলিয়া রাজি হয় কি-না সেটাই দেখার। সফরের নিশ্চয়তা দেওয়ার আগে অস্ট্রেলিয়ার নিরাপত্তা দল পাকিস্তানের যাবতীয় সুযোগ সুবিধা ও নিরাপত্তার বিষয়টি দেখবে। এরপরই সিরিজের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। অস্ট্রেলিয়া সর্বশেষ পাকিস্তান সফর করেছিল ১৯৯৮ সালে।

২০২১ গ্রীষ্মের সূচি ঘোষণা ইংলিশদের

২০২১ সালে গ্রীষ্মের সূচি ঘোষণা করেছে ইংল্যান্ড। এ সময় ইংল্যান্ড খেলবে শ্রীলঙ্কা, পাকিস্তান ও ভারতের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ। জুনের শেষদিকে তিন ম্যাচের ওয়ানডে শ্রীলঙ্কার বিপক্ষে। এরপর পাকিস্তানের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি। যেটি শুরু হবে ৮ জুলাই থেকে। আর আগস্টে ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ইংল্যান্ড। সিরিজটি শুরু ৪ আগস্ট থেকে। সিরিজের শেষ টেস্ট সেপ্টেম্বরের ১০-১৪ তারিখ। এরপর অক্টোবরে পাকিস্তান সফরে দুই ম্যাচ টি-টোয়েন্টি খেলে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে ইংলিশরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত