ইতিহাসে প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জিতেছিল ভারত ২০১৮ সালে। সেই বিজয়ী দলের সদস্য ছিলেন চেতেশ্বর পূজারা। তার মতে, ওই সিরিজের চেয়ে এবারের অস্ট্রেলিয়া দল পরিপূর্ণ ও শক্তিশালী। দলের দুই সেরা তারকা স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার দলে আছেন এবার। তবে এই দুই তারকার ফেরাতেও কোনো সমস্যা দেখছেন না পূজারা। গতবারের সাফল্যের পুনরাবৃত্তি এবারও করতে পারবেন বলে বিশ্বাস এই ডানহাতি ব্যাটসম্যানের।
গতবার বল টেম্পারিং কাণ্ডে এক বছরের নিষেধাজ্ঞায় দলে ছিলেন না স্মিথ-ওয়ার্নার। শাস্তি কাটিয়ে দুজনই আরও দুর্বার হয়ে ফিরেছেন। গত বিশ্বকাপে দারুণ খেলেছেন ওয়ার্নার আর গত অ্যাশেজ মাতিয়েছেন স্মিথ। টেস্টে দুই ব্যাটসম্যান মিলিত অবদান ১৪ হাজার রান। তাদের অনুপস্থিতি তাই গত বোর্ডার-গাভাস্কার ট্রফিতে অস্ট্রেলিয়ার পরাজয়ের কারণ হিসেবে দেখেন অনেকে। পূজার অবশ্য সেই দলে নেই। ‘অস্ট্রেলিয়া গতবারের চেয়ে এবার একটু শক্তি নিয়েই মাঠে নামবে। কিন্তু যেকোনো জয়ই সহজভাবে আসে না। গতবারও আসেনি। স্মিথ, ওয়ার্নার ও লাবুশেন বড় ক্রিকেটার। কিন্তু আমাদের জন্য ভালো ব্যাপার হলো আমাদের বোলাররা গত সিরিজে খেলেছে, সেখানকার পরিবেশটা জানে।’ ইন্টারনেট।
